বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তস্বাধীন ভারতে প্রথমবারের জন্য বিজেপি সরকারের বাজেট পাচ্ছে পশ্চিমবঙ্গ। ফলে সাধারণ মানুষের প্রত্যাশাও রয়েছে ডাবল। একদিকে শিল্প হলে, অন্যদিকে কৃষি। আবার এক হাতে মহিলাদের ক্ষমতায়ন তো অন্য হাতে কৃষকদের আর্থিক হাল ফেরানো, সব দিকেই প্রত্যাশা তুঙ্গে। এবার দেখার বঙ্গবাসীর প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে শুভেন্দু অধিকারীর সরকার। এদিন বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সম্প্রতি, বাজেট পেশ করার আগে তিনি দেখা করে আলোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে। সেই বৈঠকে যে বাজেট নিয়ে কথা হয়েছে তাও স্পষ্ট করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। ফলে কেন্দ্র বাংলাকে স্পেশাল কোনও প্যাকেজ দেয় কিনা, সেদিকেও নজর রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আজ স্বপন দাশগুপ্তের পেশ করা বাজেটই, আগামী ৫ বছরে এরাজ্যে বিজেপির কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করে দেবে।
এদিন যে যে দিকে রাজ্যবাসীর নজর রয়েছে, তা হল - সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। এছাড়াও, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। পাশাপাশি রাজ্যে কৃষকদের জন্য একাধিক স্কিম ঘোষণা হতে পারে। অন্যদিকে মহার্ঘ্য ভাতা নিয়েও সুখবর শুনতে পারে বাংলার চাকুরিজীবীরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজেট নিয়ে বললেন, 'এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবঙ্গের গরিমা ও প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ, সংস্কৃতির পুনরুদ্ধার, শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যকে। এই রাজ্যে যাঁরা সেবাদান করেন চুক্তি ভিত্তিক বিভিন্ন প্রকল্পে কর্মরত সরকারি কর্মীদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাজ্যে শিল্প ও বিনিয়োগ আনতে হলে আইনশৃঙ্খলাকে সুদৃঢ় করায় গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেটে এমন কোনও বর্গ নেই, যাঁরা বাদ গিয়েছে। অর্থমন্ত্রী বাজেট শেষ করার পরে বিরোধীদের কিছু বলার আছে বলে মনে হয় না। বিরোধী দলের বিধায়ক অশোক দেব বলছিলেন, বাজেট নিয়ে বলার কিছু নেই। কিন্তু আইনজীবীদের নিয়ে কিছু থাকলে ভাল হত। তাই এই বিষয়টি নিয়ে পরে বিবেচনা করা হবে। আমি আশ্বস্ত করতে চাই, কর্মসংস্থানের ত্রিধারা, প্রথম হল, সরকারি চাকরি (শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, পুলিশ ইত্যাদি) এই অর্থবর্ষে ১ লক্ষ নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন,কোনও রাজনৈতিক নেতা নিয়োগ কমিটিতে থাকবেন না। ফলে দুর্নীতি হবে না।'
বিধানসভায় ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকা বাজেট বরাদ্দ করার প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
রাজ্য বাজেট ২০২৬-এ বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় স্থানের ১ কিমির মধ্যে মদের দোকান খোলার জন্য লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভার ক্ষেত্রে এই দূরত্বের মাত্রা হবে ৫০০ মিটার।
West Bengal Budget 2026: শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। কলকাতা মিউনিসিপাল এলাকায় এই সীমা ৫০০ মিটার।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হল। ওঁর স্মৃতির উদ্দেশ্যে একটি করে পার্ক, লাইব্রেরি তৈরি করতে ২০০ কোটি টাকা বরাদ্দ। এছাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের একটি মূর্তি নির্মাণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসল বৈচিত্র্যকে উৎসাহ দিতে ও গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে PM Dhanadhanya Krishi Yojana (DDKY) আলিপুরদুয়ার, পুরুলিয়া ও ঝাড়গ্রামে চালু করা হবে।
বন্ধ হয়ে যাওয়া ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ফের চালু করতে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। বাজেটে এই প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
আলু চাষিদের হাতে ভাল মানের আলু বীজ চাষিদের হাতে পৌঁছে দিতে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে। আমচাষিদের আয় বাড়াতে আধুনিক ফসল সংরক্ষণে প্রযুক্তিগত ব্যবহারে উত্সাহ দেওয়া হবে। যার ফলে, কেন্দ্রের ভর্তুকির পরেও অতিরিক্ত ১৫ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য।
আলু চাষিদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন, আলু চাষিদের স্থানীয় ভাবে বীজ তৈরিতে উৎসাহ দানের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
বেকার যুবকদের টাকা দেওয়ার জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন ২৫-৪১ বছরের বেকার যুবকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। গ্রাজুয়েট যুবকদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে এবং ১২ পাশদের দেওয়া হবে ২০০০ টাকা।
West Bengal Budget 2026: আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ গড়া হবে।
উত্তরবঙ্গে একটি এইমস, দার্জিলিঙে সুপার স্পেশালিটি হাসপাতাল ও উত্তরবঙ্গে একটি বিশেষ ক্যান্সার হাসপাতাল গড়ার উদ্যোগ নেওয়া হবে। সিউড়ি হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হবে।
যে যুবক-যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করলেন রাজ্যের অর্থমন্ত্রী। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ছেন এমন পড়ুয়ারাই এই সুবিধা পাবেন।
উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম ও একটি ইন্ডোর স্টেডিয়াম গড়তে ২০ কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে। রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। যার জন্য প্রতি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয় করে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়া হবে।
উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম তৈরি করা হবে বলে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি জানান, এটির পাশাপাশি আরও একটি অন্তর্বর্তী স্টেডিয়ামও গঠন করা হবে। এর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হল।
প্যারা-টিচারদের জন্য সুখবর ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁদের বেতন ৫০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী।
West Bengal Budget 2026: প্যারাটিচারদের বেতন ৫ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল।
উত্তরবঙ্গবাসীর সুবিধার্ধে উত্তরবঙ্গে একটি করে IIT এবং IIM তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
পুরুলিয়া, বালুরঘাট, মালদায় নতুন এয়ারপোর্ট তৈরির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হল। পাশাপাশি কল্যাণীতে নতুন বিমান বন্দর গড়ে তোলা হবে। হাসিমারা ও কলাউকুন্ডায় এয়ার ফোর্স স্টেশনের সম্প্রসারণের জন্যও জমি দেবে রাজ্য সরকার।
West Bengal Budget 2026: মুড়িগঙ্গা সেতু তৈরির প্ল্যান করা হচ্ছে। জমি অধিগ্রহণ ও প্ল্যানিংয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হল।