বন্ধ থাকা ৮০০০ কারখানা খোলা হবে, MSME সেক্টর নিয়ে বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর

রাজ্যের MSME খাতকে চাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে প্রাথমিক ভাবে ৮০০০ বন্ধ থাকা MSME কারখানা খোলার চিন্তা ভাবনা করছে সরকার।

Advertisement
বন্ধ থাকা ৮০০০ কারখানা খোলা হবে, MSME সেক্টর নিয়ে বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর MSME সেক্টর নিয়ে বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর
হাইলাইটস
  • MSME খাতকে পুনরুজ্জীবিত করাকে অগ্রাধিকার দিতে চলেছে রাজ্য সরকার।
  • এরমধ্যেই রয়েছে বন্ধ হয়ে যাওয়া প্রায় ৮ হাজার ফ্যাক্টরি খোলার পরিকল্পনাও।
  • এই তথ্য জানিয়েছেন রাজ্যের MSME ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ MSME খাতকে পুনরুজ্জীবিত করাকে অগ্রাধিকার দিতে চলেছে রাজ্য সরকার। এরমধ্যেই রয়েছে বন্ধ হয়ে যাওয়া প্রায় ৮ হাজার ফ্যাক্টরি খোলার পরিকল্পনাও। শনিবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের MSME ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা।

শনিবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI)-র আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে বক্তব্য রাখতে গিয়ে দিন্দা বলেন, "রাজ্যে কর্মসংস্থানের অন্যতম বৃহৎ উৎস MSME খাত গত কয়েক বছর ধরে 'ম্রিয়মাণ' অবস্থায় রয়েছে। এই খাতের দিকে জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন।" পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লক্ষ MSME রয়েছে, যেখানে প্রায় ১.৩৫ কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে।

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র প্রতিমন্ত্রী হিসেবে অশোক দিন্দা বলেন, "নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য হবে এই খাতকে পুনরুজ্জীবিত করা। বর্তমানে প্রায় ৮০০০ MSME ফ্যাক্টরি রাজ্যে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমাদের কাছে চ্যালেঞ্জ হল এই ইউনিটগুলোকে ফের চালু করা।"

পাশাপাশি এদিন 'ভোকাল ফর লোকাল' নিয়েও মুখ খুলেছেন দিন্দা। তিনি জানান, স্থানীয় শিল্পের উন্নয়নের উপর বিশেষ জোর দেবে রাজ্য সরকার। সম্প্রতি বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেটে শিল্প ক্লাস্টার এবং শিল্প পার্ক গড়ে তোলার মাধ্যমে MSME খাতকে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেছেন রাজ্যের মন্ত্রী।

দিন্দা বলেন, বড় শিল্প এবং MSME—উভয় ক্ষেত্রেই বিনিয়োগ আকর্ষণ করতে হলে উন্নত সড়ক পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পে বিনিয়োগ সহজ করতে খুব শীঘ্রই সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করবে রাজ্য সরকার। একইসঙ্গে মন্ত্রীর দাবি, একাধিক সংস্থা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে এবং শিল্পোন্নয়নের গতি আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গকে শিল্পের ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement