অগ্নিমিত্রা পাল, পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীক্ষমতায় এসেই হকার উচ্ছেদ ঘিরে বিতর্কের মুখে পড়েছিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। তখন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেছিলেন, হকারদের পুনর্বাসনের বিষয়ে প্ল্যান রয়েছে রাজ্য সরকারের। ফুটপাথ, স্টেশন, রাস্তা দখল করে হকারি করা যাবে না। এবার সেই প্ল্যানের দিকেই সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত। তা হল স্ট্রিট ফুড হাব।
ইতিমধ্যেই কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠক করেছেন অগ্নিমিত্রা। বৈঠকের পরে অগ্নিমিত্রা জানান, কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক শহরে তৈরি করা হবে স্ট্রিট ফুড হাব। এছাড়া বাকি হকারদের পুনর্বাসনের জন্য ই-কার্ট উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক শহরে হবে স্ট্রিট ফুড হাব
মন্ত্রীর কথায়, 'সারা দেশে প্রায় ৩০ থেকে ৩৫টি জায়গায় স্ট্রিট ফুড হাব থাকলেও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনও স্ট্রিট ফুড হাব গড়ে ওঠেনি।' সেই ঘাটতি পূরণে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অগ্নিমিত্রার ঘোষণা অনুযায়ী, কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়িতে স্ট্রিট ফুড হাব তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি হাব তৈরিতে আনুমানিক ৪ কোটি টাকা খরচ হতে পারে।
স্ট্রিট ফুড বিক্রেতাদের এক ছাতার তলায়
এই হাবগুলিতে সংশ্লিষ্ট এলাকার জনপ্রিয় স্ট্রিট ফুড বিক্রেতাদের এক ছাতার তলায় নিয়ে আসা হবে। এর ফলে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। হকারদের জন্যও তৈরি হবে বিকল্প কর্মসংস্থানের সুযোগ। একদিকে যেমন শহরের খাবারের সংস্কৃতিকে আরও সংগঠিত করা সম্ভব হবে, অন্যদিকে খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের জীবিকাও সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে।
হকারদের ই-কার্ট ব্যবস্থা কী রকম?
অগ্মিমিত্রা জানান, বিক্রেতার পেশা ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে তৈরি হবে এই ই-কার্ট। যেমন, ফুচকা বিক্রেতাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, তেমনই ফুল বা জামাকাপড় বিক্রেতাদের জন্যও থাকবে পৃথক ধরনের কার্ট। কার্টের উপরে থাকবে সোলার প্যানেল। সেই সৌরশক্তি ব্যবহার করে ইন্ডাকশনে রান্নাও করা যাবে। হকার পুনর্বাসন নিয়ে তিনি জানান, টাউন ভেন্ডিং কমিটির তৈরি তালিকা ধরে এগোবে সরকার। কলকাতা ও বিধাননগরের নথিভুক্ত হকারদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি পোর্টালে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, পুনর্বাসনের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী দেওয়া হতে পারে স্বনিধি প্রকল্পের সুবিধা, প্রশিক্ষণ এবং ই-কার্ট। তাঁর কথায়, 'হকারদের জীবিকা রক্ষা করতে হবে, পাশাপাশি পথচারীদের চলাচলের অধিকারও নিশ্চিত করতে হবে।'