সিভিক ভলান্টিয়ার নিয়ে বড় নির্দেশ। ফাইল ছবিভোটের আগে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা। অন্তর্বর্তী বাজেটে সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশদের ভাতা মাসে ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সিদ্ধান্তে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বেড়ে দাঁড়াল ১০ হাজার টাকা। এর জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা।
বর্তমানে রাজ্যে হাজার হাজার সিভিক ভলান্টিয়ার যানবাহন নিয়ন্ত্রণ, মেলা-মিটিং ও খেলাধুলার আয়োজনের সময় ভিড় সামলানো, সরকারি অনুষ্ঠান ও সভায় জনসাধারণকে নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন সহায়ক দায়িত্ব পালন করেন। সাধারণত দিনে আট ঘণ্টা ডিউটি করতে হয় তাঁদের, যদিও বিশেষ ক্ষেত্রে সময় বাড়তেও পারে।
উল্লেখযোগ্যভাবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিভিক ভলান্টিয়ারদের সরাসরি আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যায় না। তবে পুলিশের সহায়ক শক্তি হিসেবে তাঁরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
ভাতা বৃদ্ধির পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের অন্যান্য সুযোগ-সুবিধাও বহাল থাকছে। তাঁরা বছরে ১৪ দিন ক্যাজুয়াল লিভ এবং ৫০ দিন সবেতন মেডিক্যাল লিভ পেয়ে থাকেন। কাজে যোগ দেওয়ার আগে দু’সপ্তাহের প্রশিক্ষণ নেওয়াও বাধ্যতামূলক।
ভোটের মুখে এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আশাকর্মী, পার্শ্বশিক্ষক ও সিভিক ভলান্টিয়ারদের মতো বৃহৎ কর্মীসমাজকে স্বস্তি দিয়ে জনসংযোগ আরও মজবুত করার কৌশল হিসেবেই এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।