কলকাতায় আজ বৃষ্টি কখন?মঙ্গলবার ফের কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা। বিকেলের পরেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। দোসর হবে ঝড়ো হাওয়া। অন্যদিকে, কলকাতাতেও বিকেলের পর বজ্রপাত-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকতে পারে।
কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে দেওয়া IMD-র পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এর ফলে গরম ও অস্বস্তি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশ বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে IMD। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
হাওয়া অফিস বলছে, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে। এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে imd। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এক বা দু’টি জায়গায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পেরোতে পারে।