West Bengal Latest Weather Update: আবার কাঁপানো শীত আসছে, জেলাগুলিতে এবার কত ডিগ্রি নামবে?

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে ফের একবার শীতের আমেজ টের পাবেন শহরবাসী।

Advertisement
আবার কাঁপানো শীত আসছে, জেলাগুলিতে এবার কত ডিগ্রি নামবে?
হাইলাইটস
  • যাচ্ছি যাচ্ছি করেও যেন বিদায় নিতে চাইছে না শীত।
  • ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের উইকএন্ডেই ফের হিমেল হাওয়ার ছোঁয়া পেতে চলেছে বাংলাবাসী।

যাচ্ছি যাচ্ছি করেও যেন বিদায় নিতে চাইছে না শীত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের উইকএন্ডেই ফের হিমেল হাওয়ার ছোঁয়া পেতে চলেছে বাংলাবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে দুর্বল হওয়ায় রাজ্যে আবারও শীতের অনুভূতি বাড়ছে। বর্তমানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকলেও, সপ্তাহের শেষে পারদ আরও কিছুটা নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে ফের একবার শীতের আমেজ টের পাবেন শহরবাসী।

কুয়াশার পরিস্থিতি
এই মুহূর্তে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় আগামী দু’দিন কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি।

আবহাওয়া সংক্রান্ত সিস্টেম
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব আরবসাগর সংলগ্ন এলাকায়, লাক্ষাদ্বীপ ও কেরালা উপকূলের মাঝামাঝি আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

রবিবার, ৮ ফেব্রুয়ারি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে, যার প্রভাবে শীতের দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
শহর জুড়ে ইতিমধ্যেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। রাতে ও ভোরের দিকে শীতের প্রকোপ বেড়েছে। আবহাওয়া অফিসের মতে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উইকেন্ডজুড়ে শীতের আমেজ বজায় থাকবে, যদিও আকাশ পরিষ্কার থাকবে।

সকালে হালকা শিশির বা কুয়াশা পড়তে পারে। আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। শীতের অনুভূতি কিছুটা বাড়ার পর আগামী সপ্তাহ থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৮৯ শতাংশের মধ্যে রয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়েই শীতের আমেজ বাড়বে। রবিবারের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি অনুভূত হবে। কোথাও কোথাও পারদ ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। অধিকাংশ পশ্চিমের জেলায় তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে আজ ও আগামীকাল সকালে কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতা সহ অন্যান্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিন এই পরিস্থিতি বজায় থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং সহ উত্তরবঙ্গের উঁচু ও সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

 

POST A COMMENT
Advertisement