নিশীথ প্রামাণিকবিধানসভা ভোটের পর থেকেই কার্যত ভেঙে খান খান তৃণমূল কংগ্রেসে। আর এমন পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এমনকী রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার এই বিষয়টা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস এখন কার্যত শেষ হয়ে গিয়েছে। মমতা দিদি কোনওভাবে কংগ্রেসকে আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন।'
এখানেই শেষ না করে তাঁর দাবি, 'পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূলের সাংসদ ও বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছেন। তাঁর মূল টিমের সদস্যরাও তাঁকে ছেড়ে চলে গিয়েছেন।'
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসকেও একযোগে আক্রমণ করেন নিশীথ। তাঁর কথায়, 'আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের) রাজনৈতিক ভবিষ্যৎও অন্ধকারে। আগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস একই ছিল। তাদের আদর্শও প্রায় এক। দুই দলই তোষণ ও স্বজনপোষণের রাজনীতি করে।'
আর নিশীথ যখন এই কথা বলছেন, তখন কার্যত ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভায় ৬০ জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন। তাঁরা ঋতব্রত বন্দ্যোপাধ্যাকে নেতা হিসেবে ঘোষণা করেছেন। তাই ঋতব্রতর দখলে এখন বিরোধী দলনেতার চেয়ার।
ও দিকে লোকসভাতেও খারাপ হাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। সেখানে ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন ইতিমধ্যেই নতুন ব্লক তৈরি করেছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারই এই ব্লককে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের কথায় স্পষ্ট, এখন থেকে যে কোনও বিষয়ে এনডিএ-কেই সমর্থন করবেন তাঁরা।
এছাড়া রাজ্যসভাতেও ভেঙে পড়েছে তৃণমূল। সুখেন্দুশেখর রায়ের পর থেকে একের পর এক সাংসদ ইস্তফা দিচ্ছেন। তাঁরা সকলেই দলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। তাঁদের আক্রমণের মূল কেন্দ্রে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়েই যত সমস্যা। অভিষেকের ভুলেই পার্টির এই হাল বলে দাবি করছেন তাঁরা।
যদিও এমন পরিস্থিতিতে দলের হাল ফেরাতে সেই কংগ্রেসের কাছেই ফিরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান করেন। শুধু তাই নয়, তিনি সনিয়া গান্ধীর সঙ্গেও দল নিয়ে আলোচনা করেন বলে জানা যাচ্ছে। ও দিকে রাহুলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন অভিষেক।
আর তৃণমূলের এই ভেসে থাকার প্রয়াসকেই কটাক্ষ করলেন মন্ত্রী নিশীথ। তাঁর মতে, তৃণমূল শেষ। কংগ্রেসকে ধরে বেঁচে থাকতে চেষ্টা করলেও কোনও লাভ হবে না।