দক্ষিণবঙ্গে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওড়াকলকাতা সহ জেলায় জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সাক্ষী থাকতে পারে কলকাতা শহরও। কোন জেলায় এদিন আবহাওয়া কেমন থাকবে? বুঝে নেওয়া যাক।
আজ কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ। ৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ১৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
IMD-র পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।