পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট (ছবি: পিক্সেলস)আজ সকালেও বৃষ্টি হয়েছে কলকাতায়। এমনকী ভিজেছে রাজ্যের একাধিক জেলা। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, তাহলে ঠিক কেমন থাকবে আগামিকালের আবহাওয়া? ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার কি বৃষ্টি হবে? আর সেই উত্তরটা ইতিমধ্যেই দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। তারা জানিয়েছে, আগামিকাল পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক থাকতে পারে আবহাওয়া। বৃষ্টির প্রবণতা কমবে। সেই সঙ্গে রাত ও ভোরের দিকে শীতের আমেজ বাড়তে পারে। আগামী কয়েক দিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনাও প্রবল।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার কলকাতার হাওয়া বদল হবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। কিছুটা সময় আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। বরং অধিকাংশ সময়ই রোদের দেখা মিলবে।
আগামিকাল কলকাতার তাপমাত্রাও বেশ কিছুটা কমে যেতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনাই প্রবল।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে?
বৃহস্পতিবার অধিকাংশ জেলাতেই হাওয়া বদল হবে। কলকাতার আশপাশের হাওড়া ও হুগলিতেও বৃহস্পতিবার শুষ্ক থাকতে পারে আবহাওয়া। আকাশে মেঘের দেখা মিলতে পারে। তবে বৃষ্টি প্রায় হবে না।
ওদিকে আবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির আশঙ্কা নেই। এই দুই জেলাতেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
ওদিকে বাঁকুড়া ও পুরুলিয়াতেও শুষ্ক থাকতে পারে আবহাওয়া। বরং ভোর ও রাতের দিকে ঠান্ডা লাগতে পারে। কমে যেতে পারে তাপমাত্রা।
উত্তরবঙ্গের কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় উল্লেখযোগ্যভাবে কমতে পারে তাপমাত্রা।
কতটা কমে যাবে তাপমাত্রা?
এই বিষয়টাও জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের দাবি, আগামী তিন দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। এটা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যার ফলে ধীরে ধীরে ঠান্ডা লাগবে। তাই আশা করা যায়, এই সপ্তাহের শেষেই মোটামুটি শীত অনুভূত হবে।