পশ্চিমবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট (ছবি: পিক্সেলস)দুর্গাপুজো রেশ এখনও কাটেনি। ধীরে ধীরে উৎসব মোড কাটিয়ে বেরনোর চেষ্টা করছে বাঙালি। আর এমন সময় আবহাওয়াও রয়েছে মনোরম। রাতের দিকে রীতিমতো শীত শীত ভাব। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। যার ফলে নতুন করে ভিজতে পারে বাংলা। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, শুক্রবার তাহলে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হবে নাকি রোদের দেখা মিলবে? আর সেই বিষয়েই বড় আপডেট দিল আবহাওয়া দফতর। আসুন ঝটপট জেনে নেওয়া যাক।
শুক্রবার দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দারুণ আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বাতাস শুষ্ক থাকায় তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষত, রাতের দিকে শীত শীত ভাব পিছু নিতে পারে। যার ফলে আদতে মনোরম থাকবে আবহাওয়া।
যদিও আগামী সপ্তাহেই একটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আঘাত হানতে পারে। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলগুলিতে ঝড়বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির জন্য তাপমাত্রাও বেড়ে যেতে পারে।
শুক্রবার কলকাতার আবহাওয়া থাকবে কেমন?
এই বিষয়টা নিয়েও মুখ খুলেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, শুক্রবার সকালে কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বেলা বাড়লে ধীরে ধীরে কেটে যাবে মেঘ। রোদ উঠবে। বৃষ্টির সম্ভাবনা লক্ষ্মীপুজো পর্যন্ত নেই।
ইতিমধ্যেই শহরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। রাত ও ভোরের দিকে হালকা শীত অনূভূত হচ্ছে। যদিও পরের সপ্তাহে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের জন্য এই পরিস্থিতি বদলে যেতে পারে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। তাই যাঁরা উত্তরবঙ্গে রয়েছেন, তাঁরা বৃষ্টি নিয়ে খুব বেশি ভাববেন না। বরং মোটের উপর ভালই থাকবে আবহাওয়া।
কোথায় নিম্নচাপ?
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আপাতত এর কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে আগামী সপ্তাহে এটি বাংলার আবহাওয়াকে কন্ট্রোল করতে পারে। যার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকছে।