কোন কোন জেলায় দাপট দেখাবে বর্ষা?হোলি কাটিয়ে মেজাজে ফিরছে রাজ্য। তবে রঙের উৎসবের পরেই রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি। চলতি সপ্তাহের শেষের দিকেই সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছে বর্ষা। শীত বিদায়ের ঘণ্টি বাজতেই এন্ট্রি নিচ্ছে বৃষ্টি।
IMD-র পূর্বাভাস অনুযায়ী ৮ মার্চ, রবিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। রাজ্যের একাধিক জেলায় রবিবার থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরপর বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই, বরং বাড়তে পারে। সোমবারেও বৃষ্টিপাত বজায় থাকবে। এদিন দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলা।
মঙ্গলবারেও একই পরিস্থিতি বজায় থাকবে অর্থাৎ বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার অর্থাৎ ১০ মার্চ উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে। অন্যদিকে, ওই দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে রাতের পারদ ধীরে ধীরে ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে রবি, সোম ও মঙ্গলবারে সম্ভাব্য বৃষ্টির জেরে দিনের গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।
কলকাতায় এখন কেন তাপমাত্রা বেশি রয়েছে?
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস আরও নির্দিষ্ট করে বলে দিয়েছে যে এই সপ্তাহ থেকেই শীত বিদায় নিশ্চিত। গত কয়েক দিন যে ঠান্ডার রেশ ছিল, সেটাও আর মিলবে না। তবে সকালের দিকে গরম বাড়লেও, রাতের তাপমাত্রায় তেমন একটা বদল হবে না।