বাংলার কোন কোন জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা?আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির বিদায়। আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো নেই, বরং পুরুলিয়া ও মেদিনীপুরের মতো জেলাগুলিতে চড়চড় করে বাড়বে গরম। তবে উত্তরবঙ্গে সাময়িক বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া আজ কেমন থাকবে?
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়া মূলত পরিষ্কার থাকলেও বিকেল ও সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দিনের শেষে আকাশে মেঘ জমতে পারে।
IMD-র তরফে জানানো হয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
গতকাল কলকাতায় রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ পর্যন্ত নেমে যেতে পারে, ফলে দিনের কিছু সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের কোনও রেকর্ড নেই। ফলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আংশিক মেঘলা আকাশের কারণে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
imd-এর তরফে সাফ জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যে একবারে হবে না, তেমনটা নয়। তবে দাপট কিছুটা কমতে পারে। এদিন থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। আগামী কিছুদিনের মধ্যে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এক বা দুই জায়গায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে IMD।