West Bengal Weather Update: ধেয়ে আসছে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি ‘অরেঞ্জ অ্যালার্ট’

West Bengal Weather Update: আবহাওয়া দফতরের তাৎক্ষণিক পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় তীব্র বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার ফলে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।

Advertisement
ধেয়ে আসছে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি ‘অরেঞ্জ অ্যালার্ট’ঝড় বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Update: বসন্তের বিদায়বেলায় চৈত্র সেলের বাজারে এবার জল ঢালতে আসছে অকাল দুর্যোগ। শুক্রবার রাতে আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা এক জরুরি বুলেটিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই হাওড়া, হুগলি, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের ‘নাউকাস্ট’ বা তাৎক্ষণিক পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে হাওড়া, হুগলি ও নদিয়া জেলায় তীব্র বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার ফলে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলাতেও বৃষ্টির সাথে শিলাবৃষ্টির (Hail) প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের হাত থেকে বাঁচতে মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে উন্মুক্ত মাঠ, গাছ বা জলাশয়ের কাছাকাছি থাকতে নিষেধ করা হয়েছে। প্রবল বজ্রপাতের আশঙ্কায় বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

কলকাতাতেও শুক্রবার রাত থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির দাপটে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি কমে ৩০.৯ ডিগ্রিতে দাঁড়িয়েছে। মেঘলা আকাশের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও ঝড়-বৃষ্টির ফলে রাতের দিকে পারদ কিছুটা নামবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। রবিবাসরীয় চৈত্র সেলের বাজারে প্রকৃতির এই খামখেয়ালি আচরণে যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কিছুটা বিড়ম্বনায় পড়বেন, তা বলাই বাহুল্য।

 

POST A COMMENT
Advertisement