শহরে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কমরাজ্যজুড়ে ফের দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে। কালবৈশাখীর দাপটের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিনে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, ফলে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার ক্ষেত্রেও বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে, পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে এবং ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যদিও রবিবার এবং সোমবার আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে কলকাতায় তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া আরও সক্রিয় হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মিলেই এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ আংশিক বা পুরোপুরি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।