
ব্যাপক গরমের দাপটে প্রাণ হাঁসফাঁস কলকাতাবাসীর। হালকা কয়েক পশলা বৃষ্টি মাঝেমধ্যে হলেও তার রেশ মিলিয়ে যাচ্ছে প্রায় সঙ্গে সঙ্গেই। এমন অবস্থায় রবিবার কলকাতা ও গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, দেখে নেওয়া যাক।
২৪ ঘণ্টার জন্য কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস
IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে। শনিবার রাতের পূর্বাভাস অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি এলাকাতেও বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।