নেপালের জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীনেপালে হড়পা বানে ভয়াবহ পরিস্থিতি। নিখোঁজ প্রায় ৮০০। মৃতের সংখ্যাও ১৭০ পেরিয়েছে। এমনকী পশ্চিমবঙ্গ থেকেও অনেকেই নেপালের এহেন বিপর্যয়ের পর নিখোঁজ হয়েছেন বলে ইতিমধ্যেই জানা গিয়েছে রাজ্য প্রশাসন সূত্রে। এমন পরিস্থিতিতে একটি বেসরকারি টিভি চ্যানেলের ইভেন্টে দাঁড়িয়ে নেপালে নিখোঁজ রাজ্যের পর্যটকদের পরিবারদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সকলের সামনে তুলে ধরেন, এক্ষেত্রে তাঁর সরকার ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে।
কী বলেন মুখ্যমন্ত্রী?
তিনি জানান, ৮০০ জন নিখোঁজ হয়েছে বলে জানা গিয়েছে। এই নিখোঁজদের মধ্যে ১৩৫ জন ভারতীয়। নিখোঁজদের তালিকায় বাংলার পর্যটকের সংখ্যা ৩২। গতকাল সন্ধ্যায় তিনি জানতে পারেন একটা ট্যুরিজম অর্গানাইজেশন সেখানে পর্যটকদের নিয়ে গিয়েছিল। আর সেই জায়গাটা ভেসে গিয়েছে। বিষয়টা নিয়ে তিনি চিন্তিত।
কী করা হচ্ছে রাজ্য সরকারে পক্ষ থেকে?
এই বিষয়টাও খোলসা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সেক্রেটরিয়েট থেকে এবং হেড কোয়ার্টার থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি ঈশ্বরে বিশ্বাসী। ভগবানের কাছে তিনি প্রার্থনা করবেন, যাতে সকলে সুস্থ অবস্থায় ফিরে আসেন। এছাড়া তিনি এই ইভেন্ট থেকেই নেপালের পাশে থাকবেন বলেও জানিয়ে দেন।
হেল্পলাইন চালু
মাথায় রাখতে হবে, নেপালে বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকে অ্যাক্টিভ রয়েছে বাংলার সরকার। ইতিমধ্যেই চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। বিষয়টা নিয়ে খোদ মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, নেপালে থাকা ভারতীয় নাগরিক কিংবা তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজন হলে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দূতাবাসের ফোন ও WhatsApp নম্বর +977 985 131 6807 এবং +977 970 910 7500।
ওদিকে আবার কলকাতার ভবানী ভবনে থেকে আলাদা করে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। সেখানে যোগাযোগের জন্য 03324793311 এবং 9147890181 নম্বর দেওয়া হয়েছে। নেপালে আটকে থাকা বা নিখোঁজ কোনও পশ্চিমবঙ্গবাসীর বিষয়ে তথ্য থাকলে এই নম্বরগুলিতে যোগাযোগ করার অনুরোধও করেছেন তিনি।