বাংলায় কবে বর্ষা?দেশে বর্ষা ঢুকে গিয়েছে। তারপর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর এমন পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকছে? ইতিমধ্যেই কি বর্ষা প্রবেশ করে গিয়েছে? আর সেই উত্তরটাই দিয়ে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, এখনও বর্ষা আসেনি বাংলায়। তবে কয়েকদিনের মধ্যে প্রবেশ করে যাবে।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বর্ষা নিয়ে দারুণ খবর দিয়েছে আবহাওয়া দফতর। ২০২৬ সালের ৭ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ, সমগ্র উত্তর-পূর্ব বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে প্রবেশ করে গিয়েছে। এছাড়া নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সম্পূর্ণ এলাকা এবং ত্রিপুরা, অসম ও অরুণাচল প্রদেশের কিছু অংশে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছে তারা।
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে। সেই মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে মধ্য আরব সাগরের আরও কিছু অংশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলঙ্গানার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশের আরও কিছু এলাকা, তামিলনাড়ুর বাকি অংশ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, ছত্তীসগঢ় ও ওড়িশার কিছু এলাকা, উত্তর-পূর্ব ভারতের বাকি অংশে বর্ষা প্রবেশ করে যেতে পারে।
বাংলায় কবে বর্ষা ঢুকছে?
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই পশ্চিম উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। অর্থাৎ ১০ থেকে ১১ জুনের মধ্যেই বাংলায় প্রবেশের একটা জোরাল সম্ভাবনা রয়েছে।
তবে এখনই দক্ষিণবঙ্গে নয়, বরং উত্তরবঙ্গ হয়েই বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা। তারপর ধীরে ধীরে পশ্চিমবঙ্গের অন্যত্র বর্ষা ছড়িয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অস্বস্তি কিছুটা কমেছে
কিছুদিন খুব গরম সহ্য করেছে বঙ্গবাসী। তারপর নেমেছে শান্তির বৃষ্টি। শনি এবং রবিবার বৃষ্টি হয়েছে। যার ফলে কিছুটা কমেছে অস্বস্তি। আর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা ভিজতে পারে।
আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায়।
এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভিজতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।