উত্তরবঙ্গের সব ট্রেন বাতিল উত্তরবঙ্গের রেললাইনে বিপর্যয়। ফরাক্কা স্টেশনের কাছে ধস নেমে বসে গিয়েছে ট্র্যাক। আর তার জেরেই বৃহস্পতিবার থেকে একের পর এক উত্তরবঙ্গের ট্রেন বাতিল। শুক্রবারও রাত পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জোরকদমে চলছে ধসকবলিত রেললাইন মেরামতের কাজ। তবে আচমকা ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন উত্তরবঙ্গগামী অসংখ্য যাত্রী। কলকাতায় ফেরার জন্য যাঁরা রওনা দিতে যাচ্ছিলেন, তাঁদেরও মাথায় হাত। কবে স্বাভাবিক হবে পরিষেবা? bangla.aajtak.in-কে জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি।
কোন কোন ট্রেন বাতিল?
পূর্ব রেলের তরফে লেটেস্ট আপডেটে জানানো হয়েছে, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-সহরসা হাটে বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা-যোগবনী এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন শুক্রবার বাতিল থাকছে।
কবে চালু হবে পরিষেবা?
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, 'আমাদের লোকজন ওয়ার ফুটিংয়ে কাজ করছে। উচ্চপদের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। যদি প্রকৃতি আমাদের সঙ্গ দেয়, আর যদি নতুন করে ধস না নামে তাহলে আমাদের যা প্ল্যানিং রয়েছে সেই অনুযায়ী কাজ হলে আজকে রাতের মধ্যেই আশা করি পরিষেবা স্বাভাবিক করতে পারব।'
যাত্রীরা ফেরত পাবেন টিকিটের দাম?
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত ট্রেন বাতিল হয়েছে, তার টিকিটের মূল্য ফেরত পাবেন যাত্রীরা। শিবরাম মাঝি জানান, যেহেতু ট্রেন বাতিল তাঁদের পার্ট থেকে হয়েছে, তাই টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন যাত্রীরা। বাতিল হওয়ার পর যাত্রীদের মোবাইলেন ক্যানসেলেশন মেসেজের সঙ্গে সঙ্গেই ঢুকবে রিফান্ডের টাকার মেসেজও।'