সিভি আনন্দ বোসের পদত্যাগভোটের আগে হঠাৎই পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন আর এন রবি। আর বর্তমানে এই ঘটনাই বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চার বিষয়। সবাই জানতে জানতে চাইছেন, হঠাৎ কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? তাঁকে কি সরিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার? যদিও সব জল্পনার অবসান করে নিজেই পদত্যাগের কারণ সম্পর্কে মুখ খুলেছেন বোস। তিনি জানিয়েছেন, ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে কাজ করতে নিজের রাজ্য কেরল চলে যাচ্ছেন।
এই প্রসঙ্গে একটি এক্স পোস্ট করেন বোস। সেখানে তিনি লেখেন, 'জাতীয় নেতৃত্বের নির্দেশ মেনে এই মহান মিশনের লক্ষ্য পূরণে কাজ করবেন'। পাশাপাশি নিজের প্রিয় কেরালার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও তিনি জানিয়ে দিয়েছেন।
পশ্চিমবঙ্গবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন
এই পোস্টে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে আমার অধ্যায় শেষের পথে। বাংলার মহান মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।'
এই পোস্টেই তিনি নিজের পদত্যাগপত্রের কপিও শেয়ার করেন। সেই সঙ্গে নিজের মতামত জানান তিনি।
বোস বলেন, 'আমি বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে কেরল যাচ্ছি। জাতীয় নেতৃত্বের নির্দেশ মেনে এই মিশনের লক্ষ্য পূরণে কাজ করব। আমার প্রিয় কেরলের কল্যাণে সব দিক থেকে চেষ্টা করব। কারণ, এটা আমার নিজের রাজ্য।'
কী পদে কাজ করবেন?
বোস কেরল যাচ্ছেন ঠিকই। তবে সেখানে তিনি ঠিক কোন পদে কাজ করবেন বা তাঁকে কোন ভূমিকায় দেখা যাবে, তা স্পষ্ট করেননি।
এই প্রসঙ্গে বলি, পশ্চিমবঙ্গের মতোই কেরলে কয়েক দিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার আগেই কেরলে পাঠান হল বোসকে।
তিনি আরও বলেন, 'এই নতুন দায়িত্বকে আমি আমার পবিত্র কর্তব্য হিসেবে দেখছি। কেরলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ হিসেবে দেখছি। আমি মানুষের জন্য, মানুষের সঙ্গে এবং মানুষের পাশে থেকে কাজ করব।”
বোস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহকে ধন্যবাদ জানান।
তিনি আরও লেখেন, 'আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং বিশিষ্ট প্রশাসক আর এন রবিকে শুভেচ্ছা জানাই। তিনি আমার উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেবেন।'
মাথায় রাখতে হবে, বর্তমানে আর এন রবি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর তিনিই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার কয়েক দিন আগেই এই পদত্যাগের ঘটনায় রাজ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই পদত্যাগে অবাক হয়ে গিয়েছিলেন। এমনকী তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এর পেছনে রাজনৈতিক চাপ থাকতে পারে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিলেন বোস। বরং তিনি মোদী সরকারের প্রশংসা করেন।