ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই সেই জাহাঙ্গির, যাঁর বিরুদ্ধে ২৯ এপ্রিল ভোটের দিন ব্যাপক রিগিংয়ের অভিযোগ উঠেছিল। যার ফলে পুনরায় ভোট হচ্ছে ফলতায়। জাহাঙ্গির এদিন নিজেকে নির্বাচন থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে বললেন, 'আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব, ফলতা শান্তিতে থাকুক, ভাল থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি আগামী ২১ মে যে রিপোল আছে, সেই ভোট থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম। ফলতার উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নিলাম। ২৯ তারিখ নির্বাচনে ইভিএম-এ টেপ লাগানো বা কালি লাগানো, এই সব আমি করিনি। অনেকেই অনেক কথা বলছে। আমি এই সব কিছু করিনি। আমি সে দিন অফিস থেকেই ভোট চালনা করেছি। আমি ফলতার মানুষের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করিনি।'