শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের বিভিন্ন নেতার নাম জড়িয়েছে। ধরপাকড়ও হয়েছে। তৃণমূলকে নিশানা করার সময় এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকে বারেবারেই হাতিয়ার করতে দেখা গিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষদের। এবার নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে দিল একটি ঘটনা। প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে এক তৃণমুল নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক কৃষক পরিবারের কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েত কর্মী তথা তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে। অভিযোগ, ছয় বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও চাকরি পাওয়া যায়নি। এরপর টাকা ফেরত চাইতে গেলে উল্টে যে ব্যক্তি টাকা দিয়েছিলেন, তাঁকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়।
Malda TMC leader takes ₹6 lakh for providing a job