শান্তিনিকেতনে পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল যে শয়তান, সেই রতন শেখের শেষ পরিণতি হল পুলিশের গুলিতেই! পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ৩৬টি মামলায় অভিযুক্ত এই কুখ্যাত শয়তানের দৌরাত্ম্য। বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল রতন শেখের। যে বন্দুক দিয়ে পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করেছিল বলে অভিযোগ, সেই বন্দুক উদ্ধারের জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছিল উচকরণ এলাকার একটি ইটভাটায়। আর সেখানেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারের সময় আচমকাই পুলিশের দিকে বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করে রতন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কী হয়েছিল সেই ইটভাটায়? সত্যিই কি পুলিশের সামনে বন্দুক তুলে ধরেছিল রতন? কীভাবে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের নাগালের বাইরে থাকা এই শয়তান শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল? আর ৩৬টি মামলার অভিযুক্ত এই রতন শেখের অপরাধের তালিকায় কী কী ছিল? সবচেয়ে বড় কথা, যে শয়তানের বিরুদ্ধে ৬টি খুনের মামলা রয়েছে, সেই রতন কি আরও একটি খুনের পরিকল্পনা করছিল? একদিকে পুলিশ কনস্টেবলের রক্তাক্ত শরীর, অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে অভিযুক্ত শয়তানের মৃত্যু। বীরভূমের এই ঘটনা ঘিরে এখন তীব্র চাঞ্চল্য। আর এই ঘটনার পর পুলিশের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে কড়া বার্তা সামনে এসেছে, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। পুলিশকে কেউ গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? অর্থাৎ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশকে যে কোনওরকম দুর্বলতা দেখাতে হবে না, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশকে গুলি মারলে পুলিশ অন স্পট ব্যবস্থা নেবে। বেশি কথা বলার দরকার নেই।
Ratan sheikh killed in police encounter in shantiniketan