ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী দু-তিনদিনে আরব সাগরের কিছু অংশ এবং কোমোরিন এলাকায় প্রবেশ করবে। অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশেও বর্ষা প্রবেশের সম্ভাবনা। ভারতের মৌসম ভবনের পূর্বাভাস ২৬ মে বর্ষা প্রবেশ করবে কেরলে। দক্ষিণবঙ্গে গরম আর অস্বস্তি বাড়বে। পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের মত পরিস্থিতি। সতর্কবার্তা না হলেও গরম এবং অস্বস্তি চরমে উঠবে। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে। কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস হলেও ফিল লাইক টেম্পারেচার 40 ডিগ্রির বেশি অনুভূত হবে। কলকাতা- সহ উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় গরম এবং অস্বস্তি চরমে উঠবে। আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কলকাতা সংলগ্ন এলাকায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।