সরকারি প্রকল্প। সাধারণ মানুষের জন্য তৈরি। মানুষের সুবিধার জন্য বসানো হয়েছিল সোলার ব্যবস্থা। কিন্তু অভিযোগ উঠল, সেই সরকারি প্রকল্পেরই বিভিন্ন সামগ্রী নাকি উধাও! শুধু উধাও নয়, অভিযোগ আরও গুরুতর—সেই সামগ্রী চুরি করে বিক্রিও করে দেওয়া হয়েছিল। আর এই ঘটনাতেই এবার পুলিশের হাতে গ্রেফতার দুই তৃণমূল নেতা। একজন বর্তমান পঞ্চায়েত সদস্য অতিথি বর্মন দাস, অন্যজন প্রাক্তন পঞ্চায়েত প্রধান পদ্ম বর্মন। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভার গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধরনগর এলাকার এই ঘটনায় এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—সরকারি প্রকল্পের জিনিস গেল কোথায়? কীভাবে গেল? আর এতদিন পরে কেন নড়েচড়ে বসল প্রশাসন? সবথেকে বড় প্রশ্ন, এই ঘটনায় কি শুধু দু’জনই, নাকি এর পিছনে আরও কেউ রয়েছে? পুলিশ কিন্তু সেই উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে।
solar equipment theft in govt project leads to arrest of two political leaders