মালদহে ফের রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। এবার বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের অভিযোগ উঠল ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকায়। সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন এক বিজেপি কর্মী। তাঁর নাম কৌশিক সরকার। তিনি বিজেপির শক্তিকেন্দ্রের প্রমুখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু কী কারণে এই হামলা? পুরনো বিবাদ, নাকি এলাকার কোনও বেআইনি কারবারের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল বিজেপি কর্মীকে? ঘটনার পর পাল্টা হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধেও। একদিকে বিজেপি বলছে, তাদের কর্মীকে পরিকল্পনা করে মারধর করা হয়েছে। অন্যদিকে মমতা-পন্থী তৃণমূলের দাবি, বহিরাগতদের এনে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। এমনকী, বিজেপি কর্মীদের বিরুদ্ধে এক মমতা-পন্থী তৃণমূল নেতার বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে মারধর এবং ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। ফলে একটি মারধরের ঘটনা থেকে ক্রমশ বড় রাজনৈতিক সংঘর্ষের চেহারা নিয়েছে দক্ষিণ বালুরচরের পরিস্থিতি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি সিসিটিভি ফুটেজও। যদিও সেই ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তাহলে ঠিক কী ঘটেছিল দক্ষিণ বালুরচরে? কে প্রথম হামলা চালাল? কেনই বা এক বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি হতে হল? আর পুলিশের উপস্থিতিতেই কি নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়?
tmc bjp clash in malda