Advertisement

'ও তো পুষ্পা ছিল!' ফলতার জাহাঙ্গির যখন কুণালের খোরাক, VIDEO

ফলতা পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে হঠাত্‍ ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। নিজেকে 'পুষ্পা' বলা জাহাঙ্গির এখন বলছেন, 'আমি চাইব, ফলতা শান্তিতে থাকুক, ভাল থাকুক।' যে দাপট ২৯ এপ্রিল বা তার আগে দেখা গিয়েছিল, আজ গলা একেবারে নরম। আর জাহাঙ্গিরের হঠাত্‍ এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। বলছেন, 'ও তো পুষ্পা ছিল।' প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ বললেন, 'শুনলাম, জাহাঙ্গির খান ভোটে লড়বেন না। প্রশ্ন হল, বিজেপি, নির্বাচন কমিশন, ইডি, সব মিলিয়ে কোনও ভয়ের পরিবেশ ফলতায় তৈরি করা হয়নি তো? আর যদি ভয়ের পরিবেশ থাকেও, জাহাঙ্গির তো পুষ্পা ছিলেন। ঝুঁকে গা নেহি! তো ঝুঁকে গেল কেন? ও তো যখন হাঁটত, বস বস করে সবাই চিত্‍কার করত। নানা ভিডিওতে দেখেছি। ফলতা বিধানসভা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের মধ্যে পড়ে। তো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ঠিক মতো বলতে পারবেন, কেন জাহাঙ্গির খান সরে দাঁড়াল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।'

Advertisement
POST A COMMENT