
মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর বৃহৎ অভিযানের পর ভয়াবহ দৃশ্য। চারদিকে জ্বলন্ত গাড়ি, ছাই হয়ে যাওয়া ট্রাক, ঘণ্টার পর ঘণ্টা ধোঁয়া উড়ছে।

কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’, আসল নাম নেমেসিও ওসেগুয়েরা, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কার্টেল Jalisco New Generation Cartel (CJNG)-এর প্রধান ছিলেন। বহু বছর ধরে অপহরণ, খুন ও মাদক পাচারের নেপথ্যে ছিল তার নাম।

মেক্সিকো সরকারের উপর দীর্ঘদিন ধরেই চাপ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ কমান্ডো দল ঘিরে ফেলে এল মেনচোকে। শুরু হয় ভয়ঙ্কর গুলির লড়াই।

নিরাপত্তা সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এনকাউন্টার। ভারী অস্ত্র ব্যবহার করা হয়। আশপাশের বহু গাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

অভিযানের পর জ্বলন্ত ট্রাক, ছাই হয়ে যাওয়া গাড়ি ও ধোঁয়ায় ঢেকে থাকা রাস্তার ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

এল মেনচোর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই মেক্সিকো জুড়ে তান্ডব শুরু করে কার্টেল। দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে।

নিরাপত্তা আধিকারিকদের দাবি, অন্তত ২০টি প্রদেশে ২৫০-র বেশি জ্বলন্ত রোডব্লক তৈরি করা হয়। ফলে কার্যত স্তব্ধ হয়ে যায় পরিবহণ ব্যবস্থা।

বড় আন্তর্জাতিক বিমানবন্দরেও ছড়ায় চরম বিশৃঙ্খলা। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু উড়ান বাতিল হয় বলে স্থানীয় সূত্রের খবর।

একাধিক শহরের আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বাসিন্দাদের ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে।

মেক্সিকোয় হিংসার আবহে ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক করেছে। প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ভিড় এড়িয়ে চলার নির্দেশও জারি।