পরপর জঙ্গি হানায় কেঁপে উঠল পাকিস্তানসারা বিশ্বে জঙ্গি হামলার জন্য় বারেবারে উঠে এসেছে পাকিস্তানের কানেকশন। আর এবার খোদ পাকিস্তানই জঙ্গি হানায় বিধ্বস্ত। মঙ্গলবার পরপর দুটি জঙ্গি হানায় রক্তাক্ত হল পাকিস্তানের দুটি প্রদেশ। এই দুই ভিন্ন হামলায় কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
প্রথম হামলাটি করা হয় পঞ্জাব প্রদেশে, এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা। দ্বিতীয় অ্যাটাকটি হয় খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে। হামলার জেরে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে।
পঞ্জাব প্রদেশের হামলাটিতে ভাক্কর জেলার দাজ্জাল চেকপয়েন্টে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যার জেরে কমপক্ষে চারজন পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখে পাক প্রশাসন নিশ্চিত করেছে এটি একটি আত্মঘাতী হামলার মাধ্যমেই এই বিস্ফোরণ ঘটানো হয়।
জঙ্গি গোষ্ঠী আনসার-উল-ইসলাম এই হামলার দায় স্বীকার করেছে। হামলাকারীর নাম আবু দারদা। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সূত্রের দাবি, এই প্রথম আনসার-উল-ইসলাম এই ধরনের হামলার দায় স্বীকার করেছে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ যেন এই মুহূর্তে আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলবার কোহাট এলাকায় জঙ্গিরা একটি পুলিশের গাড়িতে হামলা চালায়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, এই হামলায় একজন অফিসার-সহ মোট ৫ পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে।
বারংবার এই ধরনের ঘটনায় ক্রমেই চিন্তা বাড়াচ্ছে পাক প্রশাসনের। পাক নিরাপত্তা সংস্থাগুলি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামলেও, পাল্টা আঘাতে অনেক সময়ই ক্ষতির মুখে পড়তে হচ্ছে পাকিস্তান বাহিনীকে। সব মিলিয়ে প্রবল অস্বস্তিতে রয়েছে পাক সরকার।