Gen Z Movement : ফ্রান্সের পর আরও এক দেশে ছড়িয়ে পড়ল জেন জি আন্দোলন, রাস্তায় হাজার হাজার তরুণ-তরুণী

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ফলাফল সামনে আসার পর আশঙ্কা তৈরি হয়েছে যে লাতিন আমেরিকার আরও একটি দেশে ক্ষমতা বামপন্থী নেতৃত্বের হাত থেকে দক্ষিণপন্থী নেতৃত্বের হাতে চলে যেতে পারে। সেই আশঙ্কাতেই রিও ডি জেনেইরোর কেন্দ্রস্থলে মিছিল করেন বিক্ষোভকারীরা।

Advertisement
আরও এক দেশে ছড়িয়ে পড়ল জেন জি আন্দোলন, রাস্তায় হাজার হাজার তরুণ-তরুণী ছবি : রয়টার্স
হাইলাইটস
  • এই ভাবাদর্শের লড়াইয়ের মধ্যেই এখন ২৫ অক্টোবরের অপেক্ষায় ব্রাজিল
  • সেদিনই দ্বিতীয় দফার নির্বাচনে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি হবেন লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো

ফ্রান্সের পর এবার ব্রাজিলেও জেন জি পড়ুয়াদের বিক্ষোভ। রাজধানী রিও ডি জেনেইরোয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে রাষ্ট্রপতি পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ব্রাজিলে দক্ষিণপন্থী ভাবধারার প্রভাব বাড়ছে। তার বিরুদ্ধেই ক্ষোভপ্রকাশ করেন জেন জি-রা। 

কয়েক দিন আগেই দক্ষিণপন্থী সেনেটর ফ্লাভিও বলসোনারো দেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফায় সর্বাধিক ভোট পেয়েছিলেন। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর ছেলে। জাইর বলসোনারো দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। প্রথম দফার নির্বাচনে ফ্লাভিও বলসোনারো ৪৭ শতাংশ ভোট পান। তাঁর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী, বর্তমান বামপন্থী রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা পেয়েছেন ৪৫ শতাংশ ভোট।

তবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট কোনও প্রার্থীই পাননি। ফলে আগামী ২৫ অক্টোবর ফের মুখোমুখি হবেন বলসোনারো ও লুলা। এই লড়াইয়ে বলসোনারোর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছর বয়সী সাহিত্য পড়ুয়া জোয়াও ভিক্টর ভিয়েরা বলেন, 'বলসোনারো জিতলে ব্রাজিল আমেরিকার উপনিবেশে পরিণত হবে।' তাঁর বক্তব্যে ব্রাজিলের বামপন্থী শিবিরের একটি অংশের আশঙ্কা উঠে এসেছে। তাঁদের মতে, বলসোনারোর রাজনৈতিক অবস্থানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতাদর্শের যথেষ্ট মিল রয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ফলাফল সামনে আসার পর আশঙ্কা তৈরি হয়েছে যে লাতিন আমেরিকার আরও একটি দেশে ক্ষমতা বামপন্থী নেতৃত্বের হাত থেকে দক্ষিণপন্থী নেতৃত্বের হাতে চলে যেতে পারে। সেই আশঙ্কাতেই রিও ডি জেনেইরোর কেন্দ্রস্থলে মিছিল করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, 'বোলসোনারো কখনও নয়' এবং 'বাবাকে নয়, ছেলেকেও নয়'। কোনও কোনও ব্যানারে লেখা ছিল, 'কখনও স্বৈরাচার নয়' এবং 'বোলসোনারো বেরিয়ে যাও'।

মেরিটাইম শিপিং সংস্থায় প্রশাসনিক কাজ করা ২৫ বছরের এলিস কার্নেইরো বলেন, 'আমি গণতন্ত্রে বিশ্বাস করি। সেই কারণে আমি আন্দোলনে অংশ নিয়েছি। আমি ভয়ও পাচ্ছি। দক্ষিণপন্থী সরকার ক্ষমতায় এলে হয়তো আমাদের অবস্থা খারাপ হবে।' 

Advertisement

ব্রাজিলে দক্ষিণপন্থার সমালোচকদের অভিযোগ, জাইর বলসোনারোর কাজকর্ম দেশের গণতন্ত্রের জন্য হুমকি তৈরি করেছে। রাষ্ট্রপতি পদপ্রার্থী সেনেটর ফ্লাভিও বলসোনারো তাঁর বাবার সমর্থন পেয়েছেন। এমনকী বাবাকে ক্ষমা করার পক্ষেও তিনি সওয়াল করেছেন। এই অবস্থানই বিক্ষোভকারীদের মধ্যে আরও উদ্বেগ তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ১৯ বছরের ইম্যানুয়েল আরাউজো বলেন, 'ব্রাজিলে দক্ষিণপন্থী মতাদর্শ এবং বলসোনারোবাদের বাড়বাড়ন্তে আমরা অতিষ্ঠ। এর সমাধান দরকার।'

এই ভাবাদর্শের লড়াইয়ের মধ্যেই এখন ২৫ অক্টোবরের অপেক্ষায় ব্রাজিল। সেদিনই দ্বিতীয় দফার নির্বাচনে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি হবেন লুলা দা সিলভা ও ফ্লাভিও বলসোনারো।

POST A COMMENT
Advertisement