All US Flights Grounded: হঠাৎ সমস্ত ফ্লাইট বাতিল করল আমেরিকা, ফের ৯/১১ ধাঁচে হামলার আশঙ্কা

দেশজুড়ে সমস্ত উড়ান বন্ধ রাখার নির্দেশ দিল মার্কিন প্রশাসন। এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমেরিকার বিমান পরিষেবায় নজিরবিহীন বিপর্যয়। ফের ৯/১১ ধাঁচে হামলার আশঙ্কা।

Advertisement
হঠাৎ সমস্ত ফ্লাইট বাতিল করল আমেরিকা, ফের ৯/১১ ধাঁচে হামলার আশঙ্কাসমস্ত মার্কিন বিমান বাতিল
হাইলাইটস
  • দেশজুড়ে সমস্ত উড়ান বন্ধ রাখার নির্দেশ
  • ফের ৯/১১ ধাঁচে হামলার আশঙ্কা
  • আমেরিকায় হচ্ছেটা কী?

আমেরিকার বিমান পরিষেবায় নজিরবিহীন বিপর্যয়। যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির জেরে দেশজুড়ে সমস্ত উড়ান বন্ধ রাখার নির্দেশ দিল মার্কিন প্রশাসন। এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। এর জেরে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার বিমানযাত্রী। বাতিল ও দেরি মিলিয়ে ১১ হাজারেরও বেশি উড়ানে প্রভাব। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম এমন নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়ল আমেরিকার বিমান পরিষেবা।

FAA স্থানীয় সময় শুক্রবার বিকেল (ভারতে শনিবার সকাল) দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। নির্দেশ অনুযায়ী, মাটিতে থাকা কোনও বিমানকেই ওড়ার অনুমতি দেওয়া হয়নি। তবে যে বিমানগুলি ইতিমধ্যেই আকাশে ছিল, সেগুলিকে গন্তব্যে পৌঁছে অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমান ট্র্যাকিং সংস্থা Flightradar24-এর তথ্য অনুযায়ী, সেই সময় আমেরিকার বিভিন্ন বিমানবন্দরের উদ্দেশে আকাশে উড়ছিল ৪ হাজার ৪২টি বিমান।

এই বিপর্যয়ের প্রভাব দ্রুত আমেরিকার বাইরেও ছড়িয়ে পড়ে। বিমান সংস্থাগুলি নিজেদের উড়ানের সময়সূচি সামলাতে না পারায় কানাডা ও ইউরোপ থেকেও একাধিক উড়ান বাতিল করতে হয়। বোস্টন, নিউ ইয়র্ক থেকে শুরু করে সিয়াটল ও লস অ্যাঞ্জেলেস, বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভিড় জমে যায়। বিমানবন্দরের ডিপার্চার বোর্ডে একের পর এক উড়ান বাতিল ও দেরির খবর ভেসে ওঠে। 

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা FlightAware-এর তথ্য অনুযায়ী, ১১ হাজারেরও বেশি উড়ান দেরিতে চলেছে অথবা বাতিল হয়েছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি উড়ান বাতিল এবং প্রায় ১০ হাজার উড়ান দেরিতে চলেছে। বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা বিমানগুলিকেও ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ, বিমানবন্দরের গেটগুলি ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছিল। বিমান সংস্থাগুলির তরফে জানানো হয়, FAA এখনও জানায়নি ঠিক কখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থার সমস্যা ধীরে ধীরে মিটতে শুরু করেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়।

Advertisement

সাইবার হামলা বা AI-এর যোগ নেই, জানালেন ট্রাম্প
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, বিমান পরিষেবায় এই বিপর্যয়ের নেপথ্যে সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কোনও যোগ রয়েছে বলে মনে হচ্ছে না। মাইক্রোসফটের তরফেও জানানো হয়েছে, FAA-এর দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশের সঙ্গে তাদের কোনও পরিষেবার যোগ নেই।

আমেরিকার Department of Homeland Security (DHS)-এর তরফেও জানানো হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় এই বিপর্যয়ের পিছনে কোনও নাশকতার হাত রয়েছে, এমন তাৎক্ষণিক কোনও প্রমাণ পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, 'এখনও পর্যন্ত এমন কোনও ইঙ্গিত নেই যে এটি আমাদের বিরুদ্ধে কোনও নাশকতামূলক হামলা। এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে, তা হল এটি একটি টেলিযোগাযোগ ব্যবস্থার বিপর্যয়।' তিনি আরও জানান, এই বিষয়ে ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। মুলিন বলেন, 'সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখছেন আধিকারিকরা। এমনকী নতুন AI-চালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় কোনও সমস্যা হয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।' সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, 'আপনাদের প্রিয়জনদের নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি আরেকটি ৯/১১ নয়।'

আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন
দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার আগে যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কারণে শিকাগোয় বিমান চলাচল বন্ধ করেছিল FAA। তার পরেই গোটা দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকায় এটি ছিল দ্বিতীয় দেশব্যাপী বিমান চলাচল বন্ধের ঘটনা। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে FAA-এর Notice to Air Missions (NOTAM) ব্যবস্থায় ত্রুটির কারণে আমেরিকার অভ্যন্তরীণ বিমানগুলির উড়ান প্রায় ঘণ্টা দু'য়েক বন্ধ রাখা হয়েছিল। পাইলটদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে এই NOTAM ব্যবস্থা।

সাম্প্রতিক এই বিপর্যয়ের ফলে আমেরিকার এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গত কয়েক বছর ধরেই এই ব্যবস্থায় বারবার যন্ত্রপাতি ও যোগাযোগ সংক্রান্ত ত্রুটি, কর্মীর অভাব এবং পুরনো পরিকাঠামোর সমস্যা সামনে এসেছে।

FAA-এর প্রযুক্তিগত পরিকাঠামোর একটা বড় অংশই কয়েক দশক পুরনো। গত সপ্তাহেই সংস্থাটি জানিয়েছিল, ২০২৮ সালের শেষ নাগাদ দেশজুড়ে ৪০০-রও বেশি কেন্দ্রে আবহাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত ফ্লপি ডিস্কের ব্যবহার বন্ধ করা হবে।

এ দিকে, আমেরিকার বিমানবন্দর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকীকরণের জন্য অতিরিক্ত ৩০.১ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব অনুমোদন করতে শুক্রবার মার্কিন কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছে হোয়াইট হাউস এবং পরিবহণ দফতর।

সাম্প্রতিক বছরগুলিতে একাধিক দুর্ঘটনার পর আমেরিকার বিমান নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই নজরদারির মধ্যে রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে রোনাল্ড রেগন ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার আমেরিকার National Weather Service-ও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কথা জানিয়েছে। যদিও এই দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, চলতি মাসে ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক ভুয়ো বোমা হামলার হুমকির জেরে বিমান নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। এর ফলে ইউরোপের একাধিক যাত্রীবাহী বিমানের যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে, জরুরি অবতরণ করাতে হয়েছে এবং বেশ কিছু বিমানের নিরাপত্তায় যুদ্ধবিমান মোতায়েন করতে হয়েছে। তবে আমেরিকার যোগাযোগ ব্যবস্থার এই বিপর্যয়ের সঙ্গে ইউরোপের ওই ঘটনাগুলির কোনও সম্পর্ক রয়েছে, এমন কোনও তাৎক্ষণিক ইঙ্গিত মেলেনি।

 

POST A COMMENT
Advertisement