নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানফের বছরের শুরুতেই নেপাতে বিপত্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বরাতজোরে রক্ষা পেল যাত্রীবোঝাই বিমান। শুক্রবার রাত ৯টা নাগাদ বুদ্ধ এয়ার সংস্থার একটি উড়ান ভদ্রপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায়। যদিও প্রাণ বেঁচেছেন বিমানের সমস্ত যাত্রীই।
নেপালের অসামরিক বিমান মন্ত্রকের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল বলেন, 'এয়ারক্র্যাফ্টটিতে ৫১ জন যাত্রী এবং ৪ ক্রু ছিলেন। ঝাপায় ভদ্রপুর এয়ারপোর্টের রানওয়েতে পিছলে যায় বুদ্ধ এয়ারলাইন্সের একটি উড়ান। তবে সমস্ত যাত্রীই নিরাপদে রয়েছেন।' জানা গিয়েছে, 9N-AMF বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে আসছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে প্রায় ২০০ মিটার পিছলে যায়। পাশে থাকা ছোট নদীতে গিয়ে পড়ে বিমানটি। বিমানটিতে আগুন ধরে গিয়েছিল, তবে তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার পর ভদ্রপুর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে বিমানটিকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
শৈলেশ লিম্বু ছিলেন বিমানের ক্যাপ্টেন। কাঠমান্ডু-ভদ্রপুর রুটে এটি ছিল দিনের শেষ ফ্লাইট। শুক্রবার রাত ৮:২৩ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি টেক অফ করে এবং রাত ৯:০৮ মিনিটে ভদ্রপুরে অবতরণ করছিল। সে সময়েই ঘটে দুর্ঘটনাটি।
বুদ্ধ এয়ার-এর এক আধিকারিক জানিয়েছেন, বিমানটির সামান্য ক্ষতি হয়েছে। বুদ্ধ এয়ার এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে বলে জানিয়েছে। বুদ্ধ এয়ার এক বিবৃতিতে জানিয়েছে যে, কাঠমান্ডু থেকে বিমানটি পরিদর্শনের জন্য একটি কারিগরি দল পাঠানো হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।