মিসাইল তৈরির মালমশলা নিয়ে বাংলাদেশ যাওয়ার পথে পাকড়াও চিনা জাহাজচিন থেকে বাংলাদেশ পাচারের পথে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট বহনকারী একটি পণ্যবাহী জাহাজ আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এই সোডিয়াম পারক্লোরেট রকেট ও মিসাইলের জ্বালানি তৈরিতে ব্যবহৃত একটি শক্তিশালী অক্সিডাইজার। এছাড়াও জাহাজ থেকে কয়েক লক্ষ আনরেজিস্টার্ড সিম কার্ডও পাওয়া গিয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক কমান্ডার জানিয়েছেন, আটক করা রাসায়নিকের পরিমাণ দিয়ে মোটামুটি ১০০টি মিসাইলও তৈর করা যেত। ফলে এই সামগ্রীগুলি বাংলাদেশে কার উদ্দেশে পাঠানো হচ্ছিল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ঢাকার সংবাদমাধ্যম 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-এর সোমবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইনস জাহাজটি চিনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ানের কাছে ইন্দোনেশিয়ার জলসীমায় জাহাজটিকে আটক করা হয়।
ইন্দোনেশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দাবি করা হচ্ছে, ২০ নভেম্বর বেলাওয়ানে নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর সদর দফতরে সাংবাদিক বৈঠক করে জাহাজ আটকের বিষয়টি কনফার্ম করেন। ৮ নভেম্বর জাহাজটি মোংলা বন্দরে পৌঁছনোর কথা ছিল বলে জানা গিয়েছে।
'ঢাকা ট্রিবিউন'-এর রিপোর্টে বলা হয়েছে, জাহাজটির অস্বাভাবিক গতিবিধি দেখে সন্দেহ হয় ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মীদের। জ্বালানি নেওয়ার জন্য জাহাজটি নির্ধারিত রুটের বাইরে বেলাওয়ানের জলসীমায় অনির্ধারিত যাত্রাবিরতি করেছিল বলে জানা গিয়েছে।
চিন থেকে বাংলাদেশ যাওয়া জাহাজে কী পাওয়া গেল?
জাহাজটির ৩৬টি কন্টেনার পরীক্ষা করে দেখা যায়, তার মধ্যে ১৫টি কন্টেনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পরিবহণ করা হচ্ছিল। পাশাপাশি ৫৪টি প্যালেটে কয়েক লক্ষ আন-রেজিস্টার্ড ফাঁকা 4G LTE সিম কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছ।
রকেট ও মিসাইল তৈরির পরিকাঠামো নেই বাংলাদেশে
বাংলাদেশের নিজস্ব সামরিক শিল্পক্ষেত্র রয়েছে। সেখানে গোলাবারুদ এবং ছোট আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়। তবে সোডিয়াম পারক্লোরেট ব্যবহার করে রকেট ও মিসাইল তৈরির প্রয়োজনীয় পরিকাঠামো বাংলাদেশের নেই। ফলে কেন এই বিপুল পরিমাণ রাসায়নিক বাংলাদেশে পাঠানো হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।