ভয়াবহ ভূমিকম্পে মৃত ১১১, ধ্বংসপুরীর চেহারা নিয়েছে কলম্বিয়াভয়াবহ ভূমিকম্পের সাক্ষী রইল কলম্বিয়ার গোটা পশ্চিম অংশ। রিখটার স্কেলে ৭.৪ মাত্রার ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দেশটি। সোমবার সকালের এই কম্পনে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা জানা গিয়েছে ১১১। পাশাপাশি জখম হয়েছেন আরও ৮৭ জন। ভেঙে পড়েছে ৬১টি বিল্ডিংও। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন যেন ধ্বংসপুরী করে তুলেছে কলম্বিয়ান শহরকে।
স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল প্রায় ৭:৩৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় টাইমজোন অনুযায়ী, সময়টা সন্ধ্যা ৬টার আশেপাশে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।
প্রাথমিক বিধ্বস্ততা কাটিয়ে ওঠার পর সামনে আসতে থাকে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। ক্যালি শহরের মেয়র আলেহান্দ্রো এডের জানান, শহরে কমপক্ষে ২০টি বিল্ডিং ধসে পড়েছে এবং কয়েকটি বিল্ডিংয়ে মানুষ আটকাও পড়েছে। তিনি বলেন, ত্রাণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে এবং বোগোটা ও মেডেলিনের মেয়রদের উদ্ধারকারী দল পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। জনসাধারণকে শান্ত থাকতে আহ্বান করেন তিনি। একইসঙ্গে যে বিল্ডিংগুলিতে ফাটল ধরা পড়েছে, কিন্তু এখনও পড়ে যায়নি। দ্রুত সেই বিল্ডিং খালি করার পরামর্শ দিয়েছেন মেয়র।
চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, ভূমিকম্পে কুইবদোতে বিল্ডিংগুলির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি সম্ভাব্য আফটারশক নিয়েও চিন্তা চেপে রাখেননি।
ভূমিকম্পের ভয়াবহ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মানুষ বিল্ডিং থেকে ছুটে ছুটে নেমে আসছে। আর উপর থেকে বিল্ডিং ধসে পড়ছে। কোথাও দেখা যাচ্ছে কম্পনের তীব্রতার কারণে রাস্তাতে আছড়ে পড়ছেন মহিলারা। সব মিলিয়ে ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে গিয়েছে কলম্বিয়ার নাগরিকরা।
তবে শুধুমাত্র বিল্ডিং ভেঙে পড়া বা প্রাণহানি নয়। সোমবার ভূমিকম্পের কারণে কলম্বিয়ার অনেক অংশে বিমান চলাচলও ব্যাহত হয়। কারণ কম্পনের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে পেরেইরা, মানিজালেস, কুইবদো, আরমানিয়া, কার্তাগো এবং বুয়েনাভেন্তুরার বিমানবন্দরগুলো। যাত্রী ও বিমানের নিরাপত্তা পরীক্ষা করার জন্য এই বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।