ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা।Oman Ship Attack: ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলা। সাইপ্রাসের ওই কন্টেইনার শিপে মোট ১১ জন ভারতীয় নাবিক ও কর্মী ছিলেন। জাহাজের নাম ‘জিএফএস গ্যালাক্সি’ (GFS Galaxy)। রবিবায় দুপুরে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাহাজে হামলার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। তাতে ১০ জন ভারতীয় নাগরিককে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তবে এখনও এক ভারতীয় কর্মী নিখোঁজ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সূত্রে খবর, ইরানের রেভোলিউশনারী গার্ড কোর (IRGC) এই হামলা চালিয়েছে। হামলার জেরে জাহাজটিতে আগুন ধরে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাঝ দরিয়াতেই দাঁড়িয়ে পড়ে জাহাজটি। নিখোঁজ ভারতীয় নাবিকের সন্ধানে ওমান প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে মাস্কাটের ভারতীয় দূতাবাস।
ভারতের বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ওমান উপকূলের কাছে ওই পণ্যবাহী জাহাজে হঠাত্ই হামলা চালানো হয়। খবর পাওয়া মাত্রই ওমানের উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। জাহাজে থাকা ১১ জন ভারতীয়র মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও একজন নিখোঁজ। তাঁর সন্ধানে সমুদ্রের বুকে ‘সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন’ চালানো হচ্ছে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, 'আমরা ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের দূতাবাস ওমানের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এই চরম সংকটের পরিস্থিতিতে ওমান প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।'
‘চরম উদ্বেগজনক পরিস্থিতি’, কড়া বার্তা ভারতের
গত কয়েক মাসে হরমুজ প্রণালীতে একের পর এক বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা ঘটেছে। এহেন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। সাউথ ব্লকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত এই রুট। সেখানে এই ধরণের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, 'এই অঞ্চলের যুদ্ধকালীন উত্তেজনা অবিলম্বে প্রশমিত (De-escalate) করা দরকার। কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি যুক্তিযত এবং শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো অত্যন্ত জরুরি।' ভারত জানায়, আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন মেনে সমস্ত দেশের জন্য এই জলপথ উন্মুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ রাখা প্রয়োজন।
হরমুজ প্রণালীতে মার্কিন-ইরান যুদ্ধ, আতঙ্কে বাণিজ্য মহল
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ওমান উপকূল ও হরমুজ প্রণালীর এই সংঘাত আসলে আমেরিকা ও ইরানের মধ্যে চলতে থাকা যুদ্ধেরই ফল। মার্কিন সেনাবাহিনী ইরানের বেশ কিছু ডেরায় হামলা চালায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা আঘাত। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এই চরম উত্তেজনার আবহে ‘জিএফএস গ্যালাক্সি’র ওপর হামলায় বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ও পণ্য পরিবহণের ক্ষেত্রে এক নতুন আশঙ্কার পরিস্থিতি তৈরি হল। বিশেষ করে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সাউথ ব্লকের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। নিখোঁজ ভারতীয় নাগরিক যাতে দ্রুত সুস্থ শরীরে উদ্ধার হন, এখন সে দিকেই তাকিয়ে গোটা দেশ।