Trump Thanked Reliance: মুকেশ আম্বানিকে কেন ধন্যবাদ জানালেন ট্রাম্প? আমেরিকায় বিরাট বিনিয়োগ রিলায়েন্সের

সাড়ে ২৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগে আমেরিকায় তৈরি হচ্ছে তৈল শোধনাগার। ৫০ বছর পর এই উদ্যোগ আমেরিকায়। রিলায়েন্সকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
মুকেশ আম্বানিকে কেন ধন্যবাদ জানালেন ট্রাম্প? আমেরিকায় বিরাট বিনিয়োগ রিলায়েন্সেরআম্বানি দম্পতির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)
হাইলাইটস
  • ৫০ বছর পর আমেরিকায় তৈরি হচ্ছে তৈল শোধনাগার
  • সাড়ে ২৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ
  • রিলায়েন্সকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে সর্বত্র। জ্বালানির সঙ্কট তীব্র হচ্ছে। এর মাঝেই এবার তৈল শোধনাগার তৈরি করতে চলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত ৫০ বছরের মধ্যে এই প্রথম তৈল শোধনাগার তৈরি করা হচ্ছে মার্কিন মুলুকে। আর তাতে বিনিয়োগ করছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। 

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, 'আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, টেক্সাসের ব্রাউনসভিলে আমেরিকা একটা তৈল শোধনাগার তৈরি করছে। আমেরিকার গত ৫০ বছরের ইতিহাসে এটা প্রথম।' এরপরই রিলায়েন্সকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে এ-ও জানিয়েছেন, এই তৈল শোধনাগারের জন্য রিলায়েন্সের সঙ্গে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে আমেরিকা। যা ভারতীয় মুদ্রায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার বেশি। এই চুক্তিকে 'ঐতিহাসিক' বলেও উল্লেখ করেছেন তিনি। 

টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে তৈরি হচ্ছে নতুন তৈল শোধনাগারটি। ট্রাম্পের কথায়, 'এটি আমেরিকার জাতীয় নিরাপত্তা জোরদার করবে। আমেরিকার জ্বালানি উৎপাদনও বৃদ্ধি করবে। এই শোধনাগার থেকে বিশ্বব্যাপী তেল সরবরাহের পথ আরও মসৃণ হবে। বাড়বে কর্মসংস্থানও।' যদিও কর্মসংস্থানের ক্ষেত্রে আমেরিকা ফার্স্ট নীতি অবলম্বন করা হবে। 

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন প্রান্তে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। তেল পরিবহণে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। সামরিক সংঘাত শুরু হতেই এই প্রণালীকে স্তব্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। দাঁড়িয়ে বিভিন্ন পণ্যবোঝাই জাহাজ, যার অধিকাংশতেই তেল রয়েছে। নানা দেশে তেল রফতানি করা যাচ্ছে না।  ফলে সঙ্কটের সৃষ্টি হয়েছে। তার মধ্যেই নিজেদের দেশে তৈল শোধনাগার তৈরির ঘোষণা করলেন ট্রাম্প। তা-ও আবার রিলায়েন্সের বিনিয়োগে। 

 

POST A COMMENT
Advertisement