ডোনাল্ড ট্রাম্প মুখে যুদ্ধ থামানোর কথা। এদিকে, একের পর এক দেশকে যুদ্ধ জড়িয়ে ফেলাই যেন লক্ষ্য বানিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা, ইরানের পর এবার মার্কিন প্রেসিডেন্টের নজর রয়েছে কিউবার উপর। তিনি বলছেন, 'আপাতত যুদ্ধে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করাই প্রধান টার্গেট।' তারপর? তালিকায় পরবর্তী দেশ, কিউবা।
মধ্যপ্রাচ্যের এই সংঘাত শেষ হলে আমেরিকা কিউবাকে পরবর্তী কূটনৈতিক চালে মাত করতে উদ্যত। হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি সিএফ-এর মেজর লিগ সকার চ্যাম্পিয়নশিপ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, 'আমরা আগে এই যুদ্ধটা শেষ করতে চাই।' এখানে তিনি ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের কথা উল্লেখ করেছেন। এরপরই সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'মাত্র কিছুটা সময়ের ব্যাপার, তারপর আপনারা আবার কিউবাতে যাবেন।'
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, 'কিউবা আমেরিকার সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী। অনেক কিউবান-আমেরিকান ভবিষ্যতে আবার কিউবার ফিরে যেতে পারবেন।'
ইরানের যুদ্ধ নিয়ে কী দাবি ট্রাম্পের?
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অগ্রগতি নিয়েও আশাবাদী মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, 'আমেরিকার সেনাবাহিনী এবং আমাদের মিত্র ইজরায়েল একসঙ্গে এগোচ্ছে।' তাঁর দাবি অনুযায়ী, ১) ইরানের বিমানবাহিনী কার্যত অক্ষম হয়ে গিয়েছে। ২) তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ৩) নৌবাহিনীর বড় ক্ষতি হয়েছে। ৪) ৩ দিনের মধ্যে ২৪টি জাহাজ ধ্বংস করা হয়েছে। তবে তাঁর এইসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইরান আলোচনায় আগ্রহী, দাবি ট্রাম্পের
ট্রাম্প আরও বলেন, 'ইরানের নেতারা এখন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা করতে চাইছেন।' তাঁর কথায়, 'ওরা ফোন করে বলছে, কীভাবে আমরা একটি চুক্তিতে আসতি পারি, জানান।' আমেরিকার প্রেসিডেন্ট ইরানি কূটনীতিকদের উদ্দেশে বলেন, 'যাঁরা সহযোগিতা করবে, তাঁরা একটি তুন ও উন্নত ইরান গঠনে ভূমিকা রাখতে পারবে। তবে সংঘাত চালিয়ে গেলে কঠোর পরিণতি হবে।'
তেলের বাজার ও ভবিষ্যৎ পরিকল্পনা
যুদ্ধের কারণে বিশ্ব তেলের বাজার কিছুটা প্রভাবিত হলেও এখন তা স্থিতিশীল হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'পরিস্থিতি সামাল দিতে আমেরিকাকে সাময়িক ভাবে অগ্রাধিকারে পরিবর্তন আনতে হয়েছে।' হোয়াইট হাউসের মতে. আপাতত ইরান যুদ্ধই প্রধান অগ্রাধিকার। তবে সংঘাত শেষ হতে আমেরিকার পরবর্তী কৌশলগত মনোযোগ দ্রুত কিউবার দিকে যেতে পারে।