Donald Trump On Iran Attack: 'ইরানের মিসাইল আমেরিকায় পৌঁছতে পারত', হামলা নিয়ে সাফাই দিলেন ট্রাম্প

Donald Trump On Iran Attack: প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছিল। গোয়েন্দা রিপোর্ট বলছে, তেহরান এমন সব মারণাস্ত্র বানাচ্ছিল যা আটলান্টিক পেরিয়ে মার্কিন মুলুকে পৌঁছাতে পারত।

Advertisement
'ইরানের মিসাইল আমেরিকায় পৌঁছতে পারত', হামলা নিয়ে সাফাই দিলেন ট্রাম্পডোনাল্ড ট্রাম্প (Photo: AFP)

Donald Trump On Iran Attack: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে এবার বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, ইরান এমন ভয়াবহ ক্ষেপণাস্ত্র তৈরি করছিল যা সরাসরি আমেরিকার মাটিতে আঘাত হানতে সক্ষম। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ট্রাম্প জানান, আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক অভিযান বা ‘অপারেশন এপিক ফিউরি’ চালানো হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী বর্তমানে ইরানে বড়সড় অপারেশন চালাচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

নিশানায় আমেরিকা
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছিল। গোয়েন্দা রিপোর্ট বলছে, তেহরান এমন সব মারণাস্ত্র বানাচ্ছিল যা আটলান্টিক পেরিয়ে মার্কিন মুলুকে পৌঁছাতে পারত। ট্রাম্প বলেন, “ইরান নামের এই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী শাসনব্যবস্থা আমাদের দেশের জন্য এক বিরাট বিপদ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের দেশ প্রায় ধ্বংসের মুখে ছিল, কিন্তু আমরা সময়মতো ব্যবস্থা নিয়েছি।”

বারবার সতর্কবার্তা উপেক্ষা
আমেরিকার অভিযোগ, ইরানকে বারবার পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করতে বলা হয়েছিল। কিন্তু সেই সব হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার করেছে আয়তুল্লাহ খামেনেইর প্রশাসন। ট্রাম্পের কথায়, “ওরা আমাদের সব সতর্কবার্তা শুধু অবজ্ঞাই করেনি, বরং পরমাণু বোমা তৈরির জেদ বজায় রেখেছে। আমেরিকার জন্য এটা ছিল এক বিশাল ও ভয়ানক হুমকি। আমরা সেই বিপদ সমূলে বিনাশ করতে চাইছি।”

সবাই আমাদের পাশে আছে
বিশ্বের অনেক দেশই এই হামলার সমালোচনা করলেও ট্রাম্পের দাবি সম্পূর্ণ উল্টো। তাঁর মতে, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই মনে মনে আমেরিকার এই পদক্ষেপকে সমর্থন করছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, “সবাই আমাদের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে। কিন্তু প্রকাশ্যে এসে সত্যি কথা বলার মতো সাহস অন্য দেশগুলোর নেই।” উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হানা দিচ্ছে আমেরিকা ও ইজরায়েলের বাহিনী।

Advertisement

 

POST A COMMENT
Advertisement