ইলন মাস্কতিনি স্বপ্ন দেখেন। স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ভালোবাসেন। আর সেই ইলন মাস্কই স্বপ্ন দেখেছেন মঙ্গলে বসতি গড়ার। তাঁর এই 'ড্রিমের' শরিক হয়েছেন অনেক সাধারণ মানুষ। যদিও ইতিমধ্যেই ইলন মাস্ক জানিয়েছেন যে, আপাতত মঙ্গল নয়। বরং পৃথিবীর পড়শি চাঁদেই বসতি গড়ে তুলতে চাইছেন তিনি।
আগে মাস্ক জানিয়েছিলেন যে তিনি মঙ্গলে একটি শহর তৈরি করতে চান। আর এই শহর তৈরির ডেডলাইন ২০৫০ সাল।
প্রসঙ্গত, মঙ্গলের দূষিত আবহাওয়া থেকে মানুষকে বাঁচাতে তিনি প্রথমে অপ্টিমাস রোবট পাঠাতে চেয়েছেন লালগ্রহতে। তারাই মূলত শহর তৈরির কাজটা করবে। তারপর সেখানে যাবে মানুষ। যদিও সেই পরিকল্পনা এখন কিছুটা হোল্ডে রয়েছে। বরং বর্তমানে তিনি চাঁদেই শহর গড়ে তুলতে চান বলে জানিয়েছেন।
নিজের সোশ্যাল মিডিয়া এক্স-এ ইলন জানান, 'যাঁরা জানেন না তাঁদের বলে রাখি, চাঁদে শহর তৈরি করতে চায় স্পেস এক্স। কারণ, ১০ বছরের মধ্যেই এই লক্ষ্য পূরণ করা সম্ভব। অন্যদিকে মঙ্গলে যেতে যেতে ২০ বছর লেগে যেতে পারে।'
মঙ্গল সম্পর্কে কী জানাচ্ছেন মাস্ক?
এই বিষয়ে মাস্ক আরও জানিয়েছেন, স্পেস এক্স চায় অন্যান্য গ্রহ এবং উপগ্রহে মানুষের বসতি তৈরি করতে। সেক্ষেত্রে মঙ্গলে একবার সফর শুরু করার পর আবার ২৬ মাস অপেক্ষা করতে হবে। তারপর গ্রহ, নক্ষত্র ঠিক অবস্থানে এলে আবার যাত্রা শুরু করা সম্ভব হবে। এছাড়া এই যাত্রায় লেগে যাবে ৬ মাস। তবে চাঁদে যাওয়ার পথটা আবার এত জটিল নয়। মাত্র ২ দিনের মধ্যে চাঁদে পৌঁছনো সম্ভব হবে। আর প্রতি ১০ দিনে করা যাবে সফর।
চাঁদের পর মঙ্গলেই বসতি
যদিও মঙ্গল যাওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দেননি মাস্ক। তিনি এখনও লাল গ্রহে যেতে চান। বানাতে চান শহর। তাই তাঁর দাবি, আগামী কয়েক বছরের মধ্যেই মঙ্গলে শহর তৈরি করার স্বপ্ন দেখা হচ্ছে। তিনি লেখেন, 'আমরা চাঁদে শহর তৈরির পরই মঙ্গলে বানাব। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যেই মঙ্গলে শহর তৈরির কাজ শুরু করা হবে। তবে প্রথম অগ্রাধিকার থাকবে চাঁদে মানব সভ্যতা তৈরি করার।'
তাই যাঁরা চাঁদ বা মঙ্গলে গিয়ে থাকতে চান, তাঁরা এখন থেকে তৈরি হন। জমান টাকা। তাহলেই সফর শুরু হলে আপনি চলে যেতে পারবেন।