নেপালে ভেঙে পড়া সেই হেলিকপ্টার নেপালে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। যার জেরে আতঙ্ক এলাকায়। দুর্ঘটনাটি ঘটে নেপালের খোটাং জেলায়। ল্যান্ডিংয়ের সময় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তবে একজন আহত হয়েছেন। তাঁর চোট গুরুতর নয়। তিনি বিপন্মুক্ত।
হেলিকপ্টারটি সকাল প্রায় ১১টা নাগাদ কাঠমান্ডু থেকে পাঁচজন যাত্রী নিয়ে খোটাং জেলার উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১১টা ৫১ মিনিটে গন্তব্যে অবতরণের সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি উল্টে যায় এবং দুর্ঘটনাটি ঘটে। সেই ঘটনার ভিডিও সামনে এসেছে।
হেলিকপ্টারে থাকা যাত্রীদের মধ্যে কেবলমাত্র কাজিবাহাদুর রাই নামের এক ব্যক্তির ডান পায়ে সামান্য চোট লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। বাকি যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
এই হেলিকপ্টারে একই পরিবারের সদস্যরা যাত্রা করছিলেন। জানা গেছে, নাগমণি রাইয়ের স্ত্রী মনমছি রাইয়ের মৃত্যু হয়েছিল ব্রিটেনে। তাঁর শেষকৃত্যের জন্য মৃতদেহটি নেপালে আনা হচ্ছিল। তবে হেলিকপ্টারে যাত্রীসংখ্যা বেশি থাকায় মৃতদেহটি আলাদা একটি গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল এবং পরিবারের সদস্যরা হেলিকপ্টারে করে খোটাং যাচ্ছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও, হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।