ভারতের ক্ষেত্রে অবস্থা যথেষ্ট সংকটজনক, মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডা. সৌম্য স্বামীনাথনের।India Air Pollution Crisis 2026: রোগ-জীবাণু তো আছেই। তবে তার চেয়েও বড় সমস্যা বায়ুদূষণ। আর ভারতের ক্ষেত্রে অবস্থা যথেষ্ট সংকটজনক। এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডা. সৌম্য স্বামীনাথনের। শুধু তাই নয়, তিনি বললেন, 'করোনা অতিমারির সময়কার মতোই জরুরি ভিত্তিতে পদক্ষেপ করা প্রয়োজন। দূষণ নিয়ন্ত্রণে বর্তমানে সরকার যেটুকু করছে, তা যথেষ্ট নয়। শিশুদের স্বাস্থ্যের উপর এর লং টার্ম এফেক্ট পড়তে পারে।'
সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’-কে সাক্ষাৎকার দেন ডঃ স্বামীনাথন। সেখানেই বলেন, বায়ুদূষণকে আর শুধু পরিবেশের সমস্যা হিসাবে দেখলে চলবে না। এটি বৃহত্তর সমস্য়া। তাঁর দাবি, ভারতে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারাচ্ছেন।
শিশুদের জন্যই পরিস্থিতি সবচেয়ে সঙ্কটজনক
গর্ভবতী মহিলা ও শিশুরা। দূষিত বাতাসের প্রভাব গর্ভস্থ শিশুর শরীরেও পড়তে পারে। শিশুদের ফুসফুস, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ তখনও বিকশিত হয়। ফলে দূষণের কারণে শারীরিক ও মানসিক বিকাশ বাধা পেতে পারে। এর প্রভাব অনেক বছর পরেও বোঝা যেতে পারে।
শুধু শ্বাসকষ্ট বা হাঁপানি নয়, দূষণের সঙ্গে হৃদ্রোগ, ফুসফুসের ক্যানসার, ডায়াবিটিস এবং স্নায়ুরোগের প্রবণতা বাড়ছে। এমনকি ধূমপান করেন না, এমন মানুষেরও ফুসফুসের ক্যানসার ধরা পড়ছে বলে জানান তিনি।
দিল্লিতে দূষণ বাড়লে GRAP-এর মতো বিধিনিষেধ জারি হয়। কিন্তু স্বামীনাথনের মতে, বিপদ চরমে পৌঁছনোর পরে ব্যবস্থা নিলে ক্ষতি আটকানো যায় না। প্রয়োজন অন্তত ১০ বছরের পরিকল্পনা। গাড়ির ধোঁয়া, কলকারখানার দূষণ, আবর্জনা পোড়ানো এবং রান্নার জ্বালানি থেকে তৈরি ধোঁয়া নিয়ন্ত্রণে জোর দিতে হবে।
করোনার মতো যুদ্ধকালীন তৎপরতা চাই
ডঃ স্বামীনাথনের প্রস্তাব, কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্য, আবহাওয়া ও দূষণের ডেটা কালেক্ট করতে হবে। এই নিয়ে জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করতে হবে।