
লস্কর ই তৈবা-র জঙ্গিদের খতম করছে ভারত- প্রতীকী ছবিমাঝে মাঝেই খবর আসে, পাকিস্তানের কোনও খতরনাক জঙ্গিকে অপরিচিত বন্দুকবাজ গুলি করে মেরে দিয়েছে। গত ৪ থেকে ৪ বছরে এই রকম ৩০ জনের বেশি জঙ্গিকে পাকিস্তানে খতম করা হয়েছে। এ বার জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা-র প্রকাশ্যে দাবি, ওই সব অপরিচিত বন্দুকবাজ নাকি ভারতেরই এজেন্ট। পাকিস্তানের কুখ্যাত জঙ্গি রিজওয়ান হানিফের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সে ওই ভিডিও-তে দাবি করছে, গত কয়েক বছরে লস্কর সহ বিভিন্ন গোষ্ঠীর একাধিক সদস্যকে খুনের নেপথ্য রয়েছে 'আননোন গানম্যান মডেল'।
লস্কর ই তৈবা-কে কি গোপনে শেষ করে দিচ্ছে ভারত?
রিজওয়ান হানিফ লস্কর ই তৈবার গুরুত্বপূর্ণ সদস্য। পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজফ্ফরাবাদ ও রাওয়ালকোট সহ একাধিক শহরে লস্কর ই তৈবা-র অপারেটিভ হানিফ। তার কথায়, 'গত ৩-৪ বছর ধরে আমাদের ৩০ জনের বেশি সদস্যকে ভারতের এজেন্টরা মেরে দিয়েছে।' হানিফের এই মন্তব্যকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির পক্ষ থেকে বিরল প্রকাশ্য স্বীকারোক্তি বলেই মনে করা হচ্ছে। কারণ, গত কয়েক বছরে জঙ্গি সংগঠনটি যে বারবার বড় ধাক্কা খেয়েছে, তা কার্যত তার বক্তব্যেই উঠে এসেছে। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় নিহত হয়েছে। এসব ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

লস্কর ই তৈবার অবস্থা শোচনীয়
পাকিস্তান একাধিকবার অভিযোগ করেছে, তাদের ভূখণ্ডে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালাচ্ছে ভারত। তবে নয়াদিল্লি বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে। নিজের বক্তব্যে হানিফ দাবি করে, এই কথিত অভিযানের জেরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) লস্করের সদস্যরা আর ‘শান্তি ও নিরাপত্তার সঙ্গে’ বসবাস করতে পারছে না। হানিফ বলছে, 'ভারতের গোয়েন্দা সংস্থাগুলি কাশ্মীরে আমাদের লোকজনকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তারা তাদের এজেন্টদের মাধ্যমে আমাদের সদস্যদের হত্যা করছে।'
লস্কর ই তৈবা কীভাবে তৈরি হয়েছিল?
হাফিজ মহম্মদ সইদ ১৯৮০-র দশকের শেষের দিকে জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা তৈরি করে। সঙ্গে ছিল জাফর ইকবাল ও আব্দুল্লাহ আজম। এরা মূলত মরকজ উদ দাওয়া ওয়াল ইরসাদ গোষ্ঠীর শাখা হিসেবে লস্কর তৈরি করেছিল। সোভিয়েত-আফগান যুদ্ধের সময় তৈরি হওয়া একটি কট্টরপন্থী ইসলামিক সংগঠন। আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা সরে যাওয়ার পরে এরা জম্মু-কাশ্মীরের দিকে নজর ঘোরায়। ভারত, আমেরিকা সহ একাধিক দেশ ও রাষ্ট্রসঙ্ঘের তালিকায় লস্কর ই তৈবা একটি কুখ্যাত জঙ্গি সংগঠন। যদিও পাকিস্তান সরকার এই জঙ্গি সংগঠনকে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবেই ট্রিট করে।