আমেরিকার অ্য়াটাকের পরেই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানেরঅবশেষে ফের যুদ্ধ কার্যত লেগেই গেল। কারণ বুধবার রাতে আমেরিকার হামলার পর কড়া জবাব পাঠাল ইরানও। ফলে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেস্তে যাওয়ার পথে। বৃহস্পতিবার ভোরে মার্কিন বায়ুসেনার ঘাঁটি টার্গেট করে হামলা চালাল IRGC।
IRGC-র তরফে কী জানানো হল?
তাসনিম সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, ইরানের IRGC বৃহস্পতিবার সকালে জানায়, স্থানীয় সময় ভোর ৪:৫০ মিনিটে বন্দর আব্বাস পোর্টের কাছে মার্কিন হামলার পাল্টা জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে, কোন মার্কিন ঘাঁটিটিকে টার্গেট করা হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি IRGC।
আমেরিকাকে সতর্ক করেছে ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর তরফে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানি সেনার তরফে স্পষ্ট করে বলা হয়েছে, এই ধরনের মার্কিন হামলা আরও করা হলে, ইরান আরও চূড়ান্ত ও প্রাণঘাতী জবাব দেবে। এর ফলাফলে জন্য প্রথম হামলাকারীরাই (আমেরিকা) দায়ী থাকবে।
উল্লেখ্য, বুধবার মধ্যরাতে স্থানীয় সময় রাত প্রায় ১:৩০নাগাদ বন্দর আব্বাস এলাকার পূর্বদিকে পরপর তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। জানা যায়, মার্কিন বাহিনী ফের একবার ইরানকে নিশানা করেছে। বিস্ফোরণের পরপরই ইরানের সামরিক বাহিনীর বিমান ডিফেন্স সিস্টেম কয়েক মিনিট ধরে হাওয়ায় গুলিও ছোড়ে।
আমেরিকার দাবি, আত্মরক্ষার্থেই তারা এই হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক ও বাণিজ্যিক চলাচলের জন্য হুমকি রয়েছে বলে জানায় আমেরিকা। তাদের দাবি সেই কারণেই এই হামলা চালানো হয়েছিল।
এই হামলার পরেই ইরান সতর্ক করে জানিয়েছিল, হামলার পাল্টা জবাব দেওয়া হবে। কার্যক্ষেত্রে ঠিক সেটাই করল IRGC। যদিও এই হামলার জেরে আমেরিকার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি।