সম্ভাব্য পরমাণু হামলায় কী কী করণীয়, অ্যাডভাইজারি জারি করল ইরান- AI নির্মিত ছবিদেশবাসীকে পরমাণু হামলার বিষয়ে সতর্ক করে বিশেষ অ্যাডভাইজারি জারি করল ইরান। পরমাণু বোমা পড়লে কী কী করা উচিত, কীভাবে বাঁচা যাবে, তা জানাতে রীতিমতো ভিডিও পোস্ট করে দেশবাসীকে বিস্তারিত বোঝাচ্ছে ইরান সরকার। ৮ মিনিটের একটি ভিডিও-তে ইরান সরকার দেখাল, পরমাণু বোমা পড়লে বা হামলা হলে কোথায় শেলটার নিতে হবে, কীভাবে বিষাক্ত রেডিয়েশন থেকে বাঁচবেন। ইরানের প্রতিটি নাগরিককে এই ভিডিও দেখে পরমাণু হামলা হলে বাঁচার জন্য যা যা করতে হবে, তা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হল।
হঠাত্ পরমাণু হামলার আশঙ্কা করছে ইরান
এখন প্রশ্ন উঠছে, আমেরিকা কি তা হলে ইরানে শেষ অস্ত্র হিসেবে পরমাণু হামলাই চালাতে চলেছে? ইরানের সরকারি সংবাদমাধ্যম IRNA পরমাণু হামলা থেকে বাঁচার গাইডলাইন টিভি সহ সব মাধ্যমে প্রচার করছে। যাতে পরমাণু হামলা হলে দেশের মানুষ বাঁচতে পারে। ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA ভিডিওটির সঙ্গে সাধারণ নাগরিকদের জন্য কিছু নিরাপত্তা নির্দেশিকাও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, হামলার আশঙ্কা দেখা দিলে বাড়ির বেসমেন্ট বা ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। জানলা থেকে দূরে থাকতে হবে এবং বাইরে থেকে বাতাস টেনে নেয়, এমন AC বন্ধ রাখতে হবে। কেউ যদি খোলা জায়গায় আটকে পড়েন, সে ক্ষেত্রে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে।
সম্প্রতি আমেরিকার সেনার সদর দফতর পেন্টাগন 'ডুমসডে' প্ল্যান জারি করেছে। আমেরিকার পরিবারগুলিকে অন্তত তিন দিনের খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিষেবাগুলি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলবে ঠিকই। তবে সেই সময়টুকুর জন্য অন্তত বাড়িতে খাবার ও জল মজুত রাখতে হবে।
পরমাণু বোমা পড়লে কী কী করা উচিত, তা নিয়ে অ্যাডভাইজারি ভিডিও
এ বার ইরান সতর্কতামূলক পদক্ষেপ করল পরমাণু হামলার বিষয়ে। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, অনেকেরই আশঙ্কা, শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। গত ২৯ অক্টোবর ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA আট মিনিটের একটি সচেতনতামূলক ভিডিয়োর সঙ্গে এই বিস্তারিত নিরাপত্তা নির্দেশিকা প্রকাশ করে। পরমাণু বিস্ফোরণ থেকে কীভাবে প্রাণ বাঁচানো সম্ভব, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা প্রকাশ তেহরানের আগের অবস্থানের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।
Iran’s state media (IRNA & state TV) just released detailed nuclear-strike survival instructions for civilians: Don’t look at the flash, take cover, get to a basement/central room away from windows, shut off AC & outside-air ventilation, remove/seal contaminated clothing, wash with soap & lukewarm water, use bottled water/packaged food, and stay sheltered at least 24 hours. Follow official updates afterward. This is circulating amid escalating US-Iran tensions, including talk of possible strikes on deeply buried facilities like Pickaxe Mountain near Natanz and the ongoing fallout from the Iran conflict that began earlier. Another reminder that this war has no clear American interest, no clean endgame, and is now normalizing nuclear-risk messaging for ordinary people. https://t.co/jqoVtpvHUc
— Kacee Allen (@KaceeRAllen) November 3, 2026
২০২৫ সালের জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইজরায়েল ও আমেরিকার হামলার সময় সরকারি আধিকারিকরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলেন , হামলার লক্ষ্যবস্তু কেন্দ্রগুলির বাইরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। কিন্তু এবার সরাসরি পরমাণু হামলা থেকে বেঁচে থাকার কৌশল জানিয়ে নির্দেশিকা প্রকাশ করল ইরান, যা অত্যন্ত তাত্পর্যপূর্ণ।
ইরানের ‘প্যাসিভ ডিফেন্স উইক’ বা নিষ্ক্রিয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ইরানে এই সপ্তাহ পালন করা হলেও, এর আগে পরমাণু হামলা থেকে বাঁচার এমন কোনও নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ইরানের ইসফাহান প্রদেশের জরুরি পরিষেবা বিভাগ এই ভিডিওটি প্রকাশ করেছে। এই প্রদেশেই রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। নাতাঞ্জের কাছে ভূগর্ভের গভীরে অবস্থিত পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত একটি স্থাপনা ‘পিক্যাক্স মাউন্টেন’-এ আমেরিকার সম্ভাব্য হামলা নিয়ে জল্পনার মধ্যেই এই নির্দেশিকা সামনে এসেছে।
গত ১৬ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকা ওই পাহাড়ে হামলা চালানোর কথা ভাবতে করতে পারে। যদিও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, এই অভিযানে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না। এরই মধ্যে আবার মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন দাবি করেছেন, পিক্যাক্স মাউন্টেনে আগামী কয়েক দিনের মধ্যেই পরমাণু হামলা চালানোর জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করছেন।
পরমাণু হামলায় বাঁচতে ঠিক কী কী অ্যাডভাইারি জারি করেছে ইরান?
ওই অ্যাডভাইজারিতে মূলত পরমাণু বিস্ফোরণের চারটি প্রধান বিপদের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলি হল তীব্র আলোর ঝলকানি, বিস্ফোরণের অভিঘাতে সৃষ্ট প্রবল বায়ুতরঙ্গ, প্রচণ্ড তাপ এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইসফাহান রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষা ও গবেষণা বিভাগের উপ-পরিচালক ইব্রাহিম আদেলজাদেহ সাধারণ মানুষকে মজবুত বাড়ির ভিতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে জানলা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। আদেলজাদেহর কথায়, 'বাড়ির বেসমেন্ট অথবা জানলা থেকে দূরে বাড়ির মাঝের অংশে অবস্থিত কোনও ঘর নিরাপদে পৌঁছনো সম্ভব হলে আশ্রয় নেওয়ার উপযুক্ত জায়গা হতে পারে।' বাড়ির সমস্ত দরজা ও জানলা বন্ধ রাখতে হবে। বাইরে থেকে বাতাস টেনে নেয়, এমন এয়ার কন্ডিশনার বন্ধ করতে হবে। একই সঙ্গে বাইরের বাতাস ঘরের ভিতরে প্রবেশ করে, এমন ভেন্টিলেশন ব্যবস্থাও বন্ধ রাখতে হবে।
পরমাণু বিস্ফোরণের ঝলকানির দিকে তাকানো যাবে না
অ্যাডাইভাইজারিতে আরও বলা হয়েছে, পরমাণু বোমার বিস্ফোরণের যে ঝলকানি, সেই দিকে সরাসরি তাকানো যাবে না। বিস্ফোরণের সময় যাঁরা বাইরে থাকবেন এবং সঙ্গে সঙ্গে কোনও বাড়ির ভিতরে ঢোকার সুযোগ পাবেন না, তাঁদের যতটা সম্ভব মাটির কাছাকাছি শুয়ে পড়তে বলা হয়েছে। কোনও আড়ালের পিছনে আশ্রয় নিয়ে মাথা ও মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক বিস্ফোরণের অভিঘাতে সৃষ্ট বায়ুতরঙ্গ বা শক ওয়েভ কেটে যাওয়ার পর নিকটবর্তী কোনও মজবুত বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের।
পরমাণু বিস্ফোরণের বিষাক্ত রেডিয়েশনে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নয়
রেডিয়েশনের কারণে সৃষ্ট বিশেষ কিছু জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত ওষুধ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া আয়োডিন ট্যাবলেট খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন ইসফাহানের হাসপাতালের জরুরি পরিষেবার মুখপাত্র আব্বাস আবেদি। IRNA-কে তিনি বলেন, 'নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে স্থিতিশীল আয়োডিন থাইরয়েড গ্রন্থিতে তেজস্ক্রিয় আয়োডিন শোষণের পরিমাণ কমাতে পারে। কিন্তু অন্য কোনও তেজস্ক্রিয় পদার্থ অথবা বিস্ফোরণের ফলে সৃষ্ট বিকিরণ থেকে এটি সুরক্ষা দেয় না।' ‘প্রুশিয়ান ব্লু’ নামের একটি ওষুধের কথাও উল্লেখ করা হয়েছে। শরীরের ভিতরে তেজস্ক্রিয় সিজিয়াম-১৩৭ প্রবেশ করে দূষণ ঘটালে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা এই ওষুধ দিয়ে থাকেন।
ইরানের কর্তৃপক্ষ সতর্ক করেছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট ইলেক্ট্রোম্যাগনেটিক পালসের প্রভাবে বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। তাই সরকারি নির্দেশ ও জরুরি খবরাখবর জানতে ব্যাটারিচালিত রেডিও ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।