শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় আচমকাই সাবমেরিন হানা হয়েছে বলে অভিযোগ।ভারত থেকে ইরানে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি। সম্প্রতি ভারতের আন্তর্জাতিক নৌ-অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ দেশে ফিরছিল ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’। কিন্তু শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় আচমকাই সাবমেরিন হানা হয়েছে বলে অভিযোগ। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, USA-এর সামরিক বাহিনীই হামলা চালিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন যে, সাবমেরিনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে।
বিপদসংকেত পাঠানোর পর ডুবে যায় জাহাজটি। ঘটনায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রাথমিকভাবে জাহাজটির ডুবে যাওয়ার কারণ স্পষ্ট করেনি ইরানের নৌবাহিনী। Iran-এর ‘IRIS Dena’ বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবে যায় বলে জানিয়েছে Sri Lanka প্রশাসন। জাহাজে প্রায় ১৮০ জন নাবিক ও কর্মী ছিলেন। এখনও পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কয়েকটি দেহ সমুদ্র থেকে উদ্ধার হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই জাহাজটি ভারতের ইন্টারন্যাশানাল ফ্লিট রিভিউ ২০২৬-এ অংশ নিয়েছিল। দুই সপ্তাহ আগে ভারতের পূর্ব নৌ-কম্যান্ড তাদের বন্দর-সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছিল। সেই অনুষ্ঠান শেষ করে ইরানে ফেরার সময়ই ঘটে বিপর্যয়।
শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, দুর্ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমার বাইরে হলেও বিপদসংকেত পাওয়া মাত্রই দ্রুত উদ্ধারকাজ শুরু করে কলম্বো। নৌবাহিনী ও বায়ুসেনা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়া ৩২ জনকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ডুবে যাওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শ্রীলঙ্কার প্রতিরক্ষা সূত্রে প্রাথমিক ভাবে দাবি করা হয়েছিল, একটি সাবমেরিনের আক্রমণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অন্তত ১০১ জন নিখোঁজ। কিন্তু পরে নৌবাহিনীর মুখপাত্র সেই দাবি নস্যাৎ করেন। তাঁর কথায়, 'ডুবে যাওয়ার কারণ নিয়ে এখনই কিছু বলা যাবে না। আমরা আপাতত প্রাণ বাঁচানোর কাজেই মনোনিবেশ করেছি।'
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বিপদসংকেত পাঠানোর সময় আশপাশে অন্য কোনও জাহাজ বা বিমান দেখা যায়নি। শ্রীলঙ্কা বায়ুসেনাও জানিয়েছে, ওই সময় আকাশপথে কোনও অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা যায়নি। ফলে প্রযুক্তিগত ত্রুটি, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ; তা নিয়ে জল্পনা বাড়ছে।
বিশ্ব রাজনীতিতে ইরানকে ঘিরে উত্তেজনার আবহে এই ঘটনা। ভারত সফর শেষে ফেরার পথে একটি সামরিক জাহাজের ডুবে যাওয়ায় কূটনৈতিক ও নিরাপত্তা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও শ্রীলঙ্কা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কোনও পক্ষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়নি।
উদ্ধার অভিযান শেষ হলেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে। সামরিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনা বিরল নয়। তবে ভারতের উপকূল ঘেঁষে এমন ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।