লেবাননে আক্রমণ ইজরায়েলেরIsrael Lebanon Conflict 2026: আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন নিয়ন্ত্রণের বাইরে। ইরানের সঙ্গে সংঘাতের আবহে এবার লেবাননে ব্যাপক ধ্বংসলীলা চালাল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত এক সপ্তাহের বিধ্বংসী হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ জন। মৃতদের তালিকায় রয়েছে ৮৩টি নিষ্পাপ শিশুও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক এই পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, ইজরায়েলি বোমাবর্ষণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ লেবাননের একাধিক জনপদ।
ইজরায়েলের নিশানায় মূলত হিজবুল্লাহর ঘাঁটিগুলি থাকলেও, তার বলি হচ্ছেন সাধারণ নাগরিক। আজ, ৮ মার্চ ইজরায়েলি সেনার পক্ষ থেকে লেবাননের দক্ষিণ প্রান্তের বাসিন্দাদের জন্য এক চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আইডিএফ-এর দাবি, হিজবুল্লাহ জঙ্গিরা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তাই সাধারণের জীবন বাঁচাতে লিতানি নদীর দক্ষিণ দিকের সমস্ত এলাকা খালি করে উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবানন থেকে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। এদিকে, বেইরুটের একাধিক এলাকায় এয়ারস্ট্রাইক চালিয়ে হিজবুল্লাহর গোপন সুড়ঙ্গ ও অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আভিভ।
পাল্টায় ইজরায়েলের উত্তর দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহও। যুদ্ধের এই তীব্রতা দেখে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বেইরুটের হাসপাতালগুলিতে এখন তিল ধারণের জায়গা নেই, আহতদের চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই রক্তক্ষয়ী সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব।