বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়; Teams, Outlook, Copilot অচল কেন হল? জানাল সংস্থা

এই ঘটনায় গ্রাহক ও পার্টনার সংস্থাগুলির যে অসুবিধা হয়েছে, তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। সংস্থার তরফে X-এ পোস্ট করে বলা হয়েছে, 'এই ঘটনায় আমাদের পরিষেবার উপর নির্ভরশীল গ্রাহক ও সহযোগী সংস্থাগুলির যে সমস্যা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের পরিষেবার উপর গ্রাহকদের আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। বর্তমানে অধিকাংশ পরিষেবাই স্বাভাবিক হয়েছে।'

Advertisement
বিশ্বজুড়ে Microsoft বিপর্যয়; Teams, Outlook, Copilot অচল কেন হল? জানাল সংস্থাকেন ব্যাহত হল মাইক্রোসফটের পরিষেবা?
হাইলাইটস
  • এই ঘটনায় গ্রাহক ও পার্টনার সংস্থাগুলির যে অসুবিধা হয়েছে, তার জন্য তারা গভীরভাবে দুঃখিত
  • সংস্থার তরফে X-এ পোস্ট করে বলা হয়েছে, 'এই ঘটনায় আমাদের পরিষেবার উপর নির্ভরশীল গ্রাহক ও সহযোগী সংস্থাগুলির যে সমস্যা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী
  • আমাদের পরিষেবার উপর গ্রাহকদের আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই

বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়। অবশেষে ক্ষমা চাইল সংস্থা। প্রায় ২৪ ঘণ্টা ধরে ব্যাহত হয়েছে Microsoft Teams, Outlook এবং Copilot AI সার্ভিস। তবে এই সমস্যার পিছনে কোনও সাইবার হামলা নেই বলেই স্পষ্ট জানিয়েছে সংস্থা। তাদের দাবি, নেটওয়ার্কের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এজেন্টের কোনও যোগ নেই।

এক বিবৃতিতে Microsoft জানিয়েছে, এই ঘটনায় গ্রাহক ও পার্টনার সংস্থাগুলির যে অসুবিধা হয়েছে, তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। সংস্থার তরফে X-এ পোস্ট করে বলা হয়েছে, 'এই ঘটনায় আমাদের পরিষেবার উপর নির্ভরশীল গ্রাহক ও সহযোগী সংস্থাগুলির যে সমস্যা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের পরিষেবার উপর গ্রাহকদের আস্থাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। বর্তমানে অধিকাংশ পরিষেবাই স্বাভাবিক হয়েছে।'

তবে সমস্ত পরিষেবা পুরোপুরি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়সীমা জানাতে পারেনি Microsoft।

সাইবার হামলা বা AI-এর সঙ্গে কোনও যোগ নেই
Microsoft জানিয়েছে, নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর জন্য আগে একটি আপগ্রেড করা হয়েছিল। সেই সময় তৈরি হওয়া টেকনিক্যাল ফল্ট সাম্প্রতিক একটি নেটওয়ার্ক পরিবর্তনের পর প্রকাশ্যে আসে। এর জেরেই বিশ্বজুড়ে পরিষেবা ব্যাহত হয়েছে।

সংস্থার বক্তব্য, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত সমস্যা। এর সঙ্গে সাইবার হামলা কিংবা AI বা AI এজেন্টের কোনও সম্পর্ক নেই। মূল সমস্যাটি চিহ্নিত করে সমাধান করা হয়েছে। এখনও যেসব গ্রাহক ও অঞ্চলে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি, সেখানে দ্রুত পরিষেবা ফেরানো হবে। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে।

এই জটিলতার ফলে Microsoft-এর একাধিক জনপ্রিয় পরিষেবা একই সঙ্গে প্রভাবিত হয়। কাজের প্রয়োজনে ইমেল, অনলাইন যোগাযোগ এবং AI-নির্ভর পরিষেবার উপর নির্ভরশীল বহু মানুষ সমস্যায় পড়েন। এর আগে সংস্থাটি জানিয়েছিল, মূল সমস্যার সমাধান হলেও পরিকাঠামোর কিছু ক্ষেত্রে তার রেশ বা 'রেসিডুয়াল ইমপ্যাক্ট' রয়ে গিয়েছে। সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলেন ইঞ্জিনিয়াররা।

Advertisement

ভারতেও সমস্যায় বিমান সংস্থাগুলি
Microsoft-এর পরিষেবা বিপর্যয়ের প্রভাব পড়ে ভারতের বিভিন্ন সংস্থার উপরেও। বিশেষ করে যেসব বিমান সংস্থা ইমেল পরিষেবার জন্য Microsoft-এর প্রযুক্তির উপর নির্ভরশীল, তাদের গ্রাহক পরিষেবায় সমস্যা দেখা দেয়।

IndiGo জানিয়েছে, তাদের ইমেল সাপোর্ট পরিষেবা প্রভাবিত হয়েছে। ফলে গ্রাহকদের পাঠানো ইমেল তারা সময়মতো নাও পেতে পারে। তবে অন্য গ্রাহক পরিষেবা মাধ্যমগুলি সচল ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

একইভাবে Akasa Air-ও ইমেল পরিষেবায় দেরির কথা জানায়। জরুরি প্রয়োজনে যাত্রীদের ২৪ ঘণ্টার কাস্টমার কেয়ার সেন্টার অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে Air India জানিয়েছে, তাদের বিমান চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে সাময়িকভাবে ইমেল সার্ভিসের রুট পরিবর্তন করা হয়েছিল।

বিমান পরিষেবার পাশাপাশি আর্থিক পরিষেবা সংস্থা এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও সমস্যায় পড়ে। গবেষণার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ—বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হয় তাদের।

ধাপে ধাপে স্বাভাবিক করা হয়েছে পরিষেবা
Microsoft জানিয়েছে, একসঙ্গে সমস্ত পরিষেবা চালু করা হচ্ছে না। বরং ধাপে ধাপে সেগুলি স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি পর্যায়ে পরিষেবার স্থিতিশীলতা যাচাই করার পর পরবর্তী পদক্ষেপ করা হয়।

সংস্থার বক্তব্য, 'বিপুল পরিমাণ চাহিদার কথা মাথায় রেখে আমরা ধাপে ধাপে পরিষেবা ফিরিয়েছি। প্রতিটি পর্যায়ে স্থিতিশীলতা যাচাই করা হয়েছে। এতে সময় বেশি লাগলেও পরিষেবা স্থায়ীভাবে স্বাভাবিক করা সম্ভব হয়েছে।'

এর আগে Microsoft জানিয়েছিল, পরিষেবা পুনরুদ্ধারের ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। পরিকাঠামোর আরও বেশি অংশে পরিষেবা সচল হওয়ার পাশাপাশি ইমেল আদানপ্রদানের অবস্থারও উন্নতি হচ্ছিল।

 

POST A COMMENT
Advertisement