বাণিজ্য, অর্থনীতি, AI, সাপ্লাই চেন ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।ফ্রান্সে জি-7 শীর্ষ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৭ জুন দুই দেশের শীর্ষনেতা বৈঠকে বসবেন। মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার ফ্রান্সের এভিয়ানে পৌঁছবেন ট্রাম্প। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে তাঁর বৈঠকেরও সূচি নির্ধারিত হয়েছে। সেই তালিকাতেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক।
মার্কিন প্রশাসন জানিয়েছে, জি-7 সম্মেলনে অর্থনৈতিক বৃদ্ধি, সাপ্লাই চেন স্টেবিলিটি, অবৈধ অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ এবং মাদক পাচার রোধের মতো একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হবে। এহেন প্রেক্ষাপটে মোদী-ট্রাম্প বৈঠকও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ফ্রান্স সফরের প্রথম দিনেই ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রো। পরে জি-৭ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।
মঙ্গলবার ট্রাম্পের সূচিতে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক। পাশাপাশি কাতারের আমির এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গেও আলাদাভাবে মিটিং সারবেন মার্কিন প্রেসিডেন্ট। ওই দিন মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজেরও ব্যাপার আছে।
সম্মেলনের শেষ দিনে, অর্থাৎ ১৭ জুন বুধবার, জি-৭ এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। এর পরেই তাঁর সূচিতে রয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক।
মোদীর সঙ্গে বৈঠকের পর জি-৭ নেতাদের, আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থার প্রধানদের সঙ্গে উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আলোচনা ও মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, ভারত-মার্কিন সম্পর্ক, বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মোদী-ট্রাম্প বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা এখনও প্রকাশ করা হয়নি।
ফ্রান্স সফরের শেষে প্রেসিডেন্ট মাঁক্রোর সঙ্গে ভার্সাই প্রাসাদে নৈশভোজে সেরে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা দেবেন ট্রাম্প।