নেতানিয়াহুর পুত্রকে খুনের ছকএখনও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের উপর হামলা চালাচ্ছে আমেরিকা। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে নয়া অভিযোগ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইরান তাঁর পরিবারের সদস্যদের নিশানা করেছিল। তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল।
প্রসঙ্গত, সোমবার ইজরায়েলের চ্যানেল ১৪-কে এক সাক্ষাৎকার দেন নেতানিয়াহু। দেশের নির্বাচনকে সামনে রেখে নিজের পরিবার ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার সময় এই দাবি করেন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, 'এটি অবিশ্বাস্য ঘটনা। ইরান আমার এক ছেলেকে টার্গেট করেছিল। ইরান তাকে হত্যা করার চেষ্টা করেছিল।'
নেতানিয়াহুর ছেলের সংখ্যা দুই। এবার তাঁর দুই ছেলের মধ্যে কাকে নিশানা করা হয়েছিল, তা খোলসা করেননি তিনি। এমনকী কখন বা কীভাবে ওই খুনের চেষ্টা হয়েছিল, সে সম্পর্কেও কোনও বিস্তারিত তথ্য দেননি। এমনকী কীভাবে ওই হামলার চেষ্টার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে, সেটিও জানাননি ইজরায়েলের প্রধানমন্ত্রী।
নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময়ে সামনে এল, যখন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইজরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত নেতানিয়াহুর স্ত্রী সারা এবং তাঁদের দুই ছেলে ইয়াইর ও আভনারের জন্য বাড়তি নিরাপত্তা দিয়েছে।
পরিবারের নিরাপত্তার পক্ষে সওয়াল নেতানিয়াহুর
নেতানিয়াহু বলেন, 'ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। আর সেই কারণেই আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি, তা কোনও বিলাসিতা নয়। এটি না থাকলে তারা আমার ছেলেকে খুন করতে পারে। বিশেষ করে নির্বাচনী প্রচারের সময়ে মানুষের কিছুটা সংযম দেখানো প্রয়োজন।'
নেতানিয়াহুর দুই ছেলে হলেন ইয়াইর এবং আভনার। বড় ছেলে ইয়াইর ২০২৪ সাল থেকে দীর্ঘ সময় ধরে মিয়ামিতে রয়েছেন। অন্যদিকে ছোট ছেলে আভনার মূলত ইজরায়েলেই থাকেন।
জুলাই মাসে শিন বেত সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সারা নেতানিয়াহু, ইয়াইর এবং আভনারের জন্য বাড়তি ব্যক্তিগত নিরাপত্তার অনুমোদন দিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতীতেও এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ইয়াইর নেতানিয়াহুর আমেরিকায় থাকা এবং বিদেশে তাঁর নিরাপত্তার জন্য হওয়া খরচ নিয়ে।
তবে নেতানিয়াহু এই সিকিউরিটির পক্ষে সওয়াল করেছেন। তিনি দাবি করেছেন, তাঁর পরিবার টার্গেটে রয়েছে। সেই কারণেই তাঁদের নিরাপত্তা বজায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, 'নেতানিয়াহু পরিবারের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা কোনও বিলাসিতা নয়।'
নির্বাচনী প্রচারের সময়ে রাজনৈতিক প্রার্থীদেরও উপযুক্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মাথায় রাখতে হবে, ইজরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ হয়েছে। তারপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। সেই পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর ছেলেকে হত্যার চেষ্টার এই অভিযোগ সামনে এল।