(Credits: X/@wangjupaian)স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কোনও অজুহাত নেই। কর্মীদের কাছে ইমেলে এমনই স্বীকারোক্তি করলেন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা Nvidia-র সিইও জেনসেন হুয়াং। এক চিনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ এবং ওই মহিলা চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, এই দুইয়ের জেরে তীব্র বিতর্কে জড়িয়েছেন Nvidia-র সহ-প্রতিষ্ঠাতা। পরিস্থিতি সামাল দিতে সংস্থার বোর্ড ইতিমধ্যেই স্বাধীন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, নিজের স্ত্রী লরি হুয়াং এবং পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ৬৩ বছরের জেনসেন।
কর্মীদের উদ্দেশে পাঠানো ইমেলে জেনসেন লিখেছেন, 'আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজের জন্য তিনি এবং আমার সন্তানরা আঘাত পেয়েছেন। আমি যা করেছি, তার কোনও অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।' একইসঙ্গে সংস্থার কর্মী, পরিচালন পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের প্রতিও নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। তাঁর বক্তব্য, Nvidia-র প্রতি তিনি সম্পূর্ণ দায়বদ্ধ এবং সকলের বিশ্বাস ফিরে পেতে কাজ করবেন।
কে এই অ্যালিস হুয়াং, কী অভিযোগ?
বিতর্কের কেন্দ্রে রয়েছেন অ্যালিস হুয়াং নামে এক চিনা ব্যবসায়ী। তাঁর আসল নাম হুয়াং লে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। নামের মিল থাকলেও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনও পারিবারিক সম্পর্ক নেই। তিনি সিঙ্গাপুরের ডেটা সেন্টার সংস্থা Megaspeed-এর সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, ওই মহিলা চিনের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। তবে এই গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনও স্বাধীন তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
গত অক্টোবরে The New York Times-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংয়ের চিনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্ভাব্য যোগাযোগ নিয়ে তদন্ত করেছিল। অভিযোগ, Nvidia-র সিইওর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি সংস্থার ব্যবসায়িক পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন।
অ্যালিসের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসার পর আরও প্রশ্ন উঠেছে Megaspeed-এর ব্যবসা নিয়ে। গত দু'বছরে সংস্থাটি Nvidia-র কাছ থেকে ৪.৮ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চিপ কিনেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে চিনে উন্নত AI চিপ পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। সেই পরিস্থিতিতে Megaspeed-এর কেনা চিপগুলির প্রকৃত গন্তব্য নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
Nvidia-র বোর্ডের স্বাধীন তদন্ত
এই পরিস্থিতিতে রবিবার Nvidia-র পরিচালন পর্ষদ জানায়, সংস্থার সিইও বিদেশি গোয়েন্দা অভিযানের নিশানা হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করা হচ্ছে। স্বাধীন পরিচালকদের একটি কমিটি এবং বাইরের আইনি বিশেষজ্ঞরা এই তদন্ত পরিচালনা করবেন।
তবে সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি, যাতে মনে করা যায় যে মার্কিন জাতীয় নিরাপত্তা বা Nvidia-র গোপন তথ্যের কোনও ক্ষতি হয়েছে। বোর্ড জানিয়েছে, তদন্তে পাওয়া সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। জেনসেন হুয়াংও তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এর আগে Nvidia-র তরফে দাবি করা হয়েছিল, বিভিন্ন দেশের হাজার হাজার গ্রাহক সংস্থার কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন সিইও। Megaspeed-এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও স্বাভাবিক। সংস্থার দাবি, এশিয়ার ক্লাউড গ্রাহকদের সাধারণ ব্যবসায়িক তথ্য দেওয়া হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনও গোপন তথ্য নয়।
মার্কিন কংগ্রেসের নজরে জেনসেন, ১৮ নভেম্বর তলবের দাবি
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসেও তৎপরতা শুরু হয়েছে। গত ৪ নভেম্বর তিন রিপাবলিকান কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট, জন মুলেনার এবং রিক ক্রফোর্ড জেনসেন হুয়াংকে চিঠি পাঠান। তাঁদের দাবি, মার্কিন জাতীয় নিরাপত্তা কতটা সুরক্ষিত রয়েছে এবং চিনের হাতে সংবেদনশীল প্রযুক্তি ও তথ্য পৌঁছনোর কোনও আশঙ্কা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এই বিষয়ে জেনসেনের কাছ থেকে বিস্তারিত জানতে চান তাঁরা। আগামী ১৮ নভেম্বর তাঁকে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখার অনুরোধ জানানো হয়েছে।
জেনসেনের পাশে ট্রাম্প, চিনের পাল্টা দাবি
বিতর্কের মধ্যেই Nvidia-র সিইওর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জেনসেন একজন ভালো মানুষ। যদিও তাঁর কথায়, "কী ঘটছে, তা কখনওই নিশ্চিতভাবে বলা যায় না।" একইসঙ্গে Nvidia-র প্রধানের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দেশের জন্য অসাধারণ কাজ করেছেন।
অন্যদিকে, চিন এই গুপ্তচরবৃত্তির অভিযোগ আগেই খারিজ করেছে। বেজিংয়ের বক্তব্য, এই ধরনের দাবি ভিত্তিহীন জল্পনা ছাড়া কিছু নয়। ফলে গোটা ঘটনা নিয়ে আমেরিকা ও চিনের মধ্যে নতুন করে কূটনৈতিক চাপানউতোরের সম্ভাবনাও তৈরি হয়েছে।
Nvidia-র শেয়ারে চাপ, CEO-র ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন
বিশ্বের AI প্রযুক্তি শিল্পে Nvidia অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। ১৯৯৩ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। মূলত গেমিংয়ের জন্য গ্রাফিক্স প্রসেসিং প্রযুক্তি তৈরি করলেও পরবর্তী সময়ে AI কম্পিউটিংয়ের দিকে নজর ঘোরান তিনি। বর্তমানে OpenAI, Meta-সহ একাধিক বড় প্রযুক্তি সংস্থার AI পরিকাঠামোয় Nvidia-র চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে সাম্প্রতিক সময়ে AI প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের Nvidia-র শেয়ারেও তার প্রভাব পড়েছে। তার উপর সিইওকে ঘিরে এই নতুন বিতর্ক সংস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়াতে পারে।
Yorkville Ives & Co-র ম্যানেজিং ডিরেক্টর ড্যান আইভসের মতে, তদন্তের ফলাফলের উপর নির্ভর করে জেনসেনকে সিইও পদ থেকে সরানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁর বক্তব্য, Nvidia-র ব্যবসায়িক কৌশল এবং বিশ্বজুড়ে সংস্থার সাফল্যের সঙ্গে জেনসেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তাঁর নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে শেয়ারের উপরেও তার প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক, বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে এখন একাধিক চ্যালেঞ্জের মুখে Nvidia। বোর্ডের তদন্তেই স্পষ্ট হতে পারে, এই ঘটনায় আদৌ সংস্থার কোনও গোপন তথ্য বা মার্কিন নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।