S Jaishankar: মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু, আমেরিকার বিদেশ সচিবকে কড়া বার্তা জয়শঙ্করের

আমেরিকায় হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর। আর এই বিষয়টা সম্পর্কে আমেরিকার বিদেশসচিবকে কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের।

Advertisement
মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু, আমেরিকার বিদেশ সচিবকে কড়া বার্তা জয়শঙ্করেরএস জয়শঙ্কর
হাইলাইটস
  • আমেরিকায় হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে খবর
  • এই বিষয়টা সম্পর্কে আমেরিকার বিদেশসচিবকে কড়া বার্তা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের
  • বাণিজ্যিক জাহাজে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনওভাবেই ঠিক নয়

মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যু। এবার এই ঘটনায় সরাসরি আমেরিকাকে কড়া ভাষায় নিন্দা জানাল ভারত। এই বিষয়টা নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। তিনি গালফ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ভারতের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়েছেন।

এই কথোপকথন সম্পর্কে এক্স-এ জানিয়েছেন জয়শঙ্কর। তিনি লেখেন, 'আমি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি। গালফ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় ভারতের হয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি। বাণিজ্যিক জাহাজে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনওভাবেই ঠিক নয়।'

আসলে ওমান উপকূলের কাছে পালাউ ফ্ল্যাগড তেলবাহী জাহাজ এমটি সেট্টেবেলো-তে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। আর তার কয়েকদিন পরই এই আলোচনা হয়। জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় ক্রু উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়। নিখোঁজ ছিলেন ৩। পরে সেই সব নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এই ঘটনার পর ভারত সরকার ওয়াশিংটনের কাছে কড়া প্রতিবাদ জানায়। নয়াদিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়। এমনকী বিদেশ মন্ত্রক অসারমিক বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দেয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই দাবি করেছিলেন, ভারতীয় নাবিক থাকা বাণিজ্যিক জাহাজের উপর হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পাশাপাশি তিনি এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা পক্ষেও সওয়াল করেন। 

সরকারি তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে ভারতীয় ক্রু থাকা অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ভীষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনী, শিপিং সংস্থা ও আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার দেওয়া হয়েছে পরামর্শ।

Advertisement

অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর দাবি, আমেরিকার বাহিনীর নির্দেশ মানেনি জাহাজটি। তাই এই জাহাজের উপর আক্রমণ চালানো হয়।

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজগুলির ওপর ড্রোন হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে। তিনি এই ঘটনাকে একবারেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দেন।

 

POST A COMMENT
Advertisement